
এপ্রিলকে জাতীয় ‘যৌন সহিংসতা সচেতনতা মাস’ ঘোষণা ট্রাম্পের
রূপসী বাংলা ডেস্ক:এপ্রিল মাসকে জাতীয় ‘যৌন সহিংসতা সচেতনতা’ মাস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক যৌন কেলেঙ্কারির জড়িয়ে প্রেসিডেন্ট এমনিতেই নড়বড়ে অবস্থায় রয়েছেন ট্রাম্প। এর মধ্যেই শুক্রবার তিনি এই ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেক্সুয়াল ভায়োলেন্স রিসোর্সেস সেন্টারের হিসাব মতে, ২০০১ সাল থেকেই যুক্তরাষ্ট্রে এপ্রিল মাস যৌন সহিংসতা সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। ২০১০ সালে প্রথমবারের মতো তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন আনুষ্ঠানিকভাবে যৌন সহিংসতা সচেতনতা মাস হিসেবে মাসটিকে পালন করে। যার ধারাবাহিকতা বজায় থাকলো ট্রাম্পের আমলেও।
প্রেসিডেন্টের ঘোষণাপত্র উদ্ধৃত করে হোয়াইট হাউজ জানিয়েছে, দুঃখজনকভাবে আমাদের সমাজে এখনও যৌন সহিংস অপরাধ বিদ্যমান। অনেক ক্ষেত্রেই অপরাধী জবাবদিহিতা এড়িয়ে যেতে সক্ষম হয়। ঘনিষ্ঠ সম্পর্ক, জনপরিসর এবং কর্মক্ষেত্রে নির্বিচারে এই ঘৃণ্য অপরাধ সংঘটিত হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যাশট্যাগমিটু আন্দোলন বেগবান হয়েছে। দেশটির কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনীতিবীদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর ওই আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়।
এদিকে, ট্রাম্প এমন সময় এই ঘোষণা দিলেন যখন তার বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছেন এক পর্ন তারকা। এমনকি সিবিএস চ্যানেলে সিক্সটি মিনিটস প্রোগ্রামে সাক্ষাৎকার দেয়া ওই পর্ন তারকা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের খবরও ফাঁস করেছেন। এর আগে গেলো বছরের ডিসেম্বরে কমপক্ষে ১৫ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানি, যৌন সহিংসতা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ তোলেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সেগুলো মিথ্যা বলে দাবি করেছেন। সাবেক প্লেবয় তারকা ক্যারেন ম্যাকডোগালও ট্রাম্পের যৌন কেলেঙ্কারীর বিষয়ে সরব হয়েছেন।
বিডি-জার্নাল



