
এরিক অ্যাডামস এখন মেয়র পদে এগিয়ে
নিউ ইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র পদে জয়ের পথে এগিয়ে রয়েছেন এরিক অ্যাডামস। তিনি বর্তমান ব্রুকলিন বরো প্রেসিডেন্ট। ২২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে র্যাঙ্কড চয়েজ ভোটে তিনি সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেছেন।
র্যাঙ্কড চয়েজ ভোটের নিয়মে জিতলে হলে এরিক অ্যাডামসকে পেতে হবে কমপক্ষে ৫১ শতাংশ ভোট। একই সময়ের হিসাবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়া ডি. উইলি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৪২৯ ভোট, যা মোট ভোটের ২২ দশমিক ০৭ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছেন ক্যাথরিন গার্সিয়া। তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৩২ ভোট, যা মোট ভোটের ১৯ দশমিক ৯১ শতাংশ। এরিক অ্যাডামসের সঙ্গে যার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হয়েছিল সেই অ্যান্ড্রু ইয়াং শেষ মুহূর্তের দৌঁড়ে অনেক পিছিয়ে পড়েছেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৫৭৭ ভোট। যা মোট ভোটের ১ দশমিক ৬৮ শতাংশ।
এরিক অ্যাডামস প্রাইমারিতে নির্বাচিত হলে ২ নভেম্বরের সাধারণ নির্বাচনে তিনি হবেন ডেমোক্রেটিক প্রার্থী। আর এই নির্বাচন হবে আনুষ্ঠানিকতা মাত্র। আর মেয়র হিসাবে সিটি হলের চাবি হাতে নিলে কৃষ্ণাঙ্গ মেয়র হিসাবে তিনি ডেভিড ডিনকিনের স্থলাভিষিক্ত হবেন।
নিউইয়র্ক সিটির প্রাইমারিতে মেয়র পদে এরিক অ্যাডামসসহ ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী কেলেঙ্কারীর কারণে সম্ভাবনাময় প্রার্থী বর্তমান কম্পট্রোলার স্কট স্ট্রিংগার প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়েন। তিনি পেয়েছেন মোট ভোটের মাত্র ৫ শতাংশ ভোট।
এরিক অ্যাডামসের জন্ম নিউইয়র্কে। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করেছেন নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি)। মেধার স্বাক্ষর রেখে সেখানে ক্যাপ্টেন পদে উন্নীত হয়েছিলেন। এনওয়াইপিডি থেকে অবসরের পর ব্রুকলিন থেকে স্টেট সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত টানা দায়িত্ব পালন করে যাচ্ছেন ব্রুকলিন বরো প্রেসিডেন্ট হিসেবে।
এরিক অ্যাডামস বাংলাদেশি কমিউনিটির অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। তার সমর্থন আদায়ের পেছনে আছে অনেক শ্রম। দীর্ঘ প্রচেষ্টায় তিনি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গে। যোগ দিয়েছেন অসংখ্য সামাজিক অনুষ্ঠানে।
এদিকে নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট পদে এগিয়ে রয়েছেন জুমান উইলিয়ামস। কম্পট্রোলার পদে এগিয়ে রয়েছেন ব্র্যাড ল্যান্ডার। ম্যানহাটন বরো প্রেসিডেন্ট পদে মার্ক লেভিন, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট পদে ভেনেসা গিবসন, ব্রুকলিন বরো প্রেসিডেন্ট পদে অ্যান্তেনিও রেইনোসো, কুইন্স বরো প্রেসিডেন্ট পদে ডনোভান রিচার্ডস এবং রিচমন্ড (স্ট্যাটেন আইল্যান্ড) বরো প্রেসিডেন্ট পদে মার্ক মারফি এগিয়ে রয়েছেন।



