খেলা

এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সোনা

রূপসী বাংলা ডেস্ক:এশিয়া গেমসে দ্বিতীয় সোনা ভারতের৷ কুস্তিতে দেশকে সোনা এনে দিলেন ভিনেস ফোগত৷ রবিবার গেমসের প্রথম দিন ভারতকে সোনা দিয়েছিলেন বজরং পুনিয়া৷

সোমবার মহিলাদের কুস্তিতে ৫০ কেজি ফ্রি-স্টাইল ইভেন্টে সোনা জিতলেন হরিয়ানার মেয়ে ফোগত৷ এশিয়া গেমসে কুস্তিতে প্রথম মহিলা হিসেবে সোনা জিতে নজির গড়লেন তিনি৷ জাপানি খেলোয়াড় যুকি ইরে-কে হারিয়ে সোনা মেয়ে হলেন ফোগত৷ চলতি বছর এপ্রিলে গোল্ড কোস্ট কমনওয়েলথে এই বিভাগেই দেশকে সোনা এনে দিয়েছিলেন তিনি৷তার আগে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগেও সোনা জিতেছিলেন ফোগত৷ তবে এশিয়ান গেমসে এর আগে ব্রোঞ্জ জিতেছিলেন এই ভারতীয় মহিলা কুস্তিগির৷ এদিন সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন বালালির ২৩ বছরের মেয়ে৷

এর আগে শুটিংয়ে লক্ষ শেরনের হাত ধরে এশিয়ান গেমসে চতুর্থ পদক এসেছে ভারতের ঝুলিতে। পুরুষদের ট্র্যাপ শুটিং ইভেন্টে রূপো জিতে এশিয়ান গেমসে নিজের অভিষেক স্মরণীয় করে রাখলেন ভারতীয় এই শুটার। শেরনের হাত ধরে শুটিং ইভেন্টেই ভারতের ঝুলিতে এল তিনটি পদক।

ফাইনালে রূপো জয়ের পথে ৪৩ স্কোর করেন লক্ষ। মাত্র একটি নিশানা লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর। তাতেই সোনা হাতছাড়া হয় শেরনের৷ ৪৮ স্কোর করে একই ইভেন্টে সোনা জিতেছেন চাইনিজ তাইপেইয়ের ইয়াং কুনপেই। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) তরুণ এই প্রতিভার সাফল্যে স্বভাবতই খুশি৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর টুইটারে লক্ষকে অভিনন্দন জানিয়েছেন৷ টুইটারে রাঠোর লিখেছেন, ‘ অভিষেক এশিয়ান গেমসে রূপো জিতে সীমাহীন ধৈর্য্যের পরিচয়
দিয়েছে বছর ঊনিশের শেরন। ওর মত প্রতিভারাই দেশের খেলাধূলোর ভবিষ্যত। চ্যাম্পিয়নকে অভিনন্দন।’

এর আগে রবি কুমার এবং অপূর্বী চান্ডেলার হাত ধরে ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ আসে ভারতের ঝুলিতে। এরপর সোমবার দিনের শুরুতে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রূপো জিতে নেন দীপক কুমার। এরপর শেরনের রূপো জয়ে ভারতের পদক সংখ্যা বেড়ে হল চার। যার মধ্যে তিনটি পদক এল শুটিং থেকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension