
খণ্ড-বিখণ্ড প্রহরগুলোতে
কি প্রবলভাবে অস্থিরতার বান ডাকে
তোমাকে পাওয়ার সুপ্ত বাসনা;
এমন বিশদ অস্থিরতা হয়ত
দুঃস্বপ্নে নিজেকে গুপ্ত-হত্যা হতে দেখলেই হয়!
চূর্ণ বিচূর্ণ সময়গুলোতেও
কত প্রবলভাবে অফুরান সাধ জাগে
আজন্ম তোমাকে ভালোবাসার;
জানার সৌভাগ্য তোমাকে ছুঁয়ে গেলে
কোনোদিন হয়ত তুমিও অমরত্ব চাইতে নির্দ্বিধায়!
তোমার দৃষ্টিসীমার অন্তর্জালে
আমি হয়ত একগুচ্ছ নিকৃষ্ট বনফুল;
নতুবা তোমার সুস্নিগ্ধ স্পর্শ-সীমায়
কুষ্ঠরোগগ্রস্ত এক বিচ্ছিরি প্রেম-কাঙালি।
তাইতো জানি,
অতৃপ্ত বাসনার গুরুদণ্ড স্বরূপ
নামি-দামি ফুল ফসলে ভরা তোমার হৃদয়ে
আমার যাবজ্জীবন কারাবাস আর হয়ে ওঠেনি।
এ তুমি কেমন তুমি?



