প্রধান খবরবাংলাদেশ

এ বছর নির্বাচন আয়োজন করা কঠিন: রয়টার্সকে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক এবং অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এ বছর দেশে নির্বাচন আয়োজন করা সম্ভবত কঠিন। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি।

বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে নাহিদ আরও বলেন, গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী তা হয়নি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সহজ হবে।

গত বছর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগষ্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন।

নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে।

সেই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং অভ্যুত্থানে শহিদ এক হাজারের বেশি মানুষের প্রতি সম্মানে এ দলিল তৈরি করা হবে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন এ দল জাতীয় রাজনীতিকে নতুনত্ব আনতে পারে। কয়েক দশক ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাইরে রাজনীতিতে নতুন ধারা যোগ করতে পারে এটি।

সারা দেশের অনেক ধনী ব্যক্তি নতুন দলটিকে (এনসিপি) অর্থায়নে সহায়তা করছে উল্লেখ করে ইসলাম বলেন, শিগগিরই তারা নতুন কার্যালয়ের জন্য গণহারে অর্থসহায়তা এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠনের দিকে নজর দেবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension