প্রবাস

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতার জন্মদিন উদযাপন

ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে পালন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রতিরক্ষা অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাহেদুল ইসলাম ও মিনিস্টার (পলিটিক্যাল) মো. দেওয়ান আলী আশরাফ। পরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম অংশ নেন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রতিরক্ষা সচিব হাসিবুল আলম।

রাষ্ট্রদূত শহীদুল ইসলাম তার বক্তৃতায় পরিবার, সমাজ ও জাতির প্রতি বঙ্গমাতার অসামান্য আত্মত্যাগের পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনে তার প্রভাব এবং বাংলাদেশের ইতিহাসের গতিপথ নির্ধারণে তার নেপথ্যের ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি চিফ অব মিশন ফেরদৌসি শাহরিয়ার, প্রখ্যাত সাংবাদিক রোকেয়া হায়দার ও কাউন্সেলর আরিফা রহমান রুমা। কাউন্সেলর ও হেড অব চ্যান্সেরি মো. মাহমুদুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

আলোচনা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তাদের পরিবারের সদস্যদের ও অন্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে প্রতিরক্ষা সচিব ও রাষ্ট্রদূত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension