
সুজন দাশ
কথার আঘাত বিষের মত
বাড়ায় মনের দুঃখ ক্ষত,
কথা বলার আগে দেখো
কেউ কি আমরা ভাবি অত?
কথায় লোকের কমে জ্বালা
কথায় মনের দুঃখ বাড়ে,
কথায় অনল জ্বললে মনে
টের পাওয়া যায় হাড়ে হাড়ে!
কাউকে কিছু বলার আগে
চিন্তা করো ভাবো নিজে,
এমন কথা বললে তোমায়
কষ্ট তোমার লাগতো কী যে?
মিষ্টি কথায় বোঝাও তারে
জল এসেছে দেখবে চোখে,
খারাপ কথা হুলের মত
ধিকি ধিকি জ্বলবে শোকে!
কথায় মানুষ ভাসে সুখে
কথার ব্যথায় মানুষ কাঁদে,
কথায় লোকের যায় ভেঙে ঘর
কথায় আবার ঘরটি বাঁধে!
হুল ফোটাতে সবাই পারে
ফুল ফোটাতে পারে ক’জন?
তাঁরাই পারে যারা মহৎ
সত্যিকারের বন্ধু-স্বজন।



