
রুমানা নাসরীন
কবিতাদের মন ভালো নেই।
নেই কোন উচ্ছ্বাস, নেই অকারণ ছোটাছুটি।
ফুল ফোটাবে বলে আজ আর ভালোবাসার পায়ে তারা করে না লুটোপুটি।
আজকাল কবিতারও অসুখ হয়।
পেটের ব্যামো, জ্বর, কাশি কিংবা দুরারোগ্য ক্যান্সার।
কেউ আবার মনের অসুখ সিজোফ্রেনিয়ায় ভুগে ত্যাগই করেছে ভবসংসার!
কবিতারা বড্ড বেশি অভিমানী হয়েছে।
একটুতেই গুমরে ফুঁসে উঠে।
অভিমানের পাহাড় বুকে নিয়ে দুলতে দুলতেই ঘুরেফিরে হোঁচট খায় শব্দ বাক্যের চৌকাঠে।
কবিতাদের বুঝি গ্রাস করেছে বন্ধ্যাত্ব।
এখন আর হয় না শব্দের সাথে শব্দের সহবাস!
শব্দরাও প্রেমহীন সংসারে হাঁসফাঁস করতে করতে স্বেচ্ছায় খুঁজে নিয়েছে নিভৃতবাস!
মানবতাও যেনো লোকালয় ছেড়ে পালিয়ে যাচ্ছে ক্রমেই।
তাই, কবিতাদেরও মন ভালো নেই।



