
আন্তর্জাতিকপ্রধান খবর
করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬৩ জন
করোনাভাইরাসে এখন পর্যন্ত ২ হাজার ৭৬৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই হাজার ৭১৫ জনই মারা গেছেন চীনে। এতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৩৮৬ জন। এখন পর্যন্ত এ ভাইরাসের বিস্তার ৪৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সুস্থ হয়েছে ২৭ হাজার ৪৭৬ জন। চীনে নতুনভাবে আরও ৬৫০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হুবেই প্রদেশেই রয়েছেন ৪০১ জন। নতুন মৃত্যুর ঘটনার সবগুলোই এ প্রদেশে।
মঙ্গলবার চীনে নতুন করে আরও ৬৫০ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে এদিন প্রাণ গেছে অন্তত ৫২ জনের।
চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এপর্যন্ত ১ হাজার ১৪৬ জনের শরীরে এনসিওভি-১৯ শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন অন্তত ১১ জন।
ইরানেও আতঙ্ক সৃষ্টি করেছে করোনাভাইরাস। দেশটিতে অন্তত ৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ১৬ জন। তবে, সরকারি এই হিসাবের সঙ্গে একমত নয় পশ্চিমা গণমাধ্যমগুলো। তাদের দাবি মধ্যপ্রাচ্যের দেশটিতে করোনাভাইরাসে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
এছাড়া, জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৯১ যাত্রীর শরীরে প্রাণঘাতী নতুন ভাইরাস ধরা পড়েছে। ইতোমধ্যে জাহাজটির অন্তত ৪ যাত্রী মারা গেছেন।
ইতালিতে ৩৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১১ জন। হংকংয়ে আক্রান্ত ৮৫, মৃত্যু ২ জনের; জাপানে আক্রান্ত ১৫৯, মৃত্যু ১ জনের; সিঙ্গাপুরে ৯১ জন করোনায় আক্রান্ত; যুক্তরাষ্ট্রে ৫৩ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। ♦



