
কানাডার রাষ্ট্রদূতকে সৌদি আরবের বহিষ্কার
রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক প্রত্যাখ্যানের ঘোষণা করেছে দেশটি। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ খবর পাওয়া গেছে।
শুধু বহিষ্কারই নয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কানাডার রাষ্ট্রদূতকে নিজ দেশে ফিরে যাওয়ার আল্টিমেটামও দিয়েছে সৌদি আরব। কানাডা থেকেও সৌদির রাষ্ট্রদূত প্রত্যাহার করা হয়েছে। সৌদি আরবের আকস্মিক এ উদ্যোগ গ্রহণে উদ্বেগ প্রকাশ করেছে কানাডা।
সৌদি আরবে মানবাধিকার কর্মীদের বিষয়ে কানাডা হস্তক্ষেপ করেছে – এমন অভিযোগ এনে সৌদি আরব কানাডার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে বলে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টুইট করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই সৌদি আরবে নারী মানবাধিকার কর্মীরা পুরুষদের অধিকার হটানোর বিষয়ে আন্দোলন করে আসছিল। সৌদি সরকার কয়েকজন মানবাধিকার কর্মীকে আটকও করে। এর মধ্যে একজন আন্দোলনকারীর নাম সামার বাদাওয়ি।
কানাডার পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে সামার বাদাওয়িকে মুক্তি দেয়ার আহবান জানানো হয়। তবে সৌদির পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ সহ্য করবে না সৌদি আরব।



