
জসীম উদ্দীন মুহম্মদ
আকাশের কোল ঘেঁষে থেমে আছে নীল রঙের ট্রেন
ড্রাইভিং সিটে বসে আছে এক থোকা থোকা সাদামেঘ
যেন সেই ট্রেনের চাকা ঘোরেনি হাজার বছর।
রোদের ফালি থেকে গলে পড়ছে কাঁচা সোনালি সময়
আমি পকেট থেকে বের করি এক টুকরো ভেজা শরৎ
নদীর ধারে কাশফুলগুলো আজ আর বাতাসে দোলে না
তারা যেন রিলে রেসের কাঠি হাতে দাঁড়নো সাদা রোবট!
প্রতিটি শিশির বিন্দুতে একটি করে উপগ্রহ চোখ মেলে
এ যেন ট্রাফিকে আটকে থাকা একাকি রূপালী জীবন
মাঝেমধ্যে আকাশটা হুটহাট একটা খাম হয়ে যায়
যে খামের ভেতরে কোনো চিঠি নেই
আছে শুধু গন্ধহীন কিছু কাশফুলের বেনামি আস্ফালন!



