
কি ঘটবে আজ?
রূপসী বাংলা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিএনপি ও সরকারি দল পাল্টাপাল্টি কর্মসূচিও ঘোষণা করেছে। এ অবস্থায় রাজধানীর ব্যবসায়ী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরীর বাসিন্দাদের মাঝে এক ধরনের টান টান উত্তেজনা চলছে। উদ্বিগ্ন মানুষের মনে প্রশ্ন- ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিরার রায়ের পর রাজধানী ঢাকাসহ সারাদেশে কি হবে?
বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ও নেতা-কর্মী এবং মন্ত্রী-এমপিদের পাল্টাপাল্টি বক্তব্যের কারণেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে, জনগণের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় রাস্তা বন্ধ করে সভা-সমাবেশসহ আইনবিরোধী কর্মকা- নিষিদ্ধ ঘোষণা করা হয়। ইতোমধ্যে গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাজধানী ঢাকায় ২০ প্লাটুন ও রাজধানীর বাইরে ৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরো বিজিবি সদস্য নামানো হবে বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানিয়েছেন।
এদিকে গতকাল ভোর থেকে বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণের আদালতসহ আশপাশের এলাকায় বারবার র্যাবের টহল দেখা গেছে। পুলিশ, ডিবিসহ গোয়েন্দাদের তৎপরতাও চোখে পড়ার মতো।
গতকাল বিকালে পুলিশ হেড কোয়ার্টার্সে পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. জাবেদ মোহাম্মদ পাটোয়ারী বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যম ও সোসাল মিডিয়ার মাধ্যমে দেশের জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক তৈরি হয়েছে। এজন্যই আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে দেশব্যাপী সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ ও প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি দেশের জনগণের উদ্দেশে বলেন, ভীত হবেন না, আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। গতকাল বুধবার বিকাল পৌনে ৫টায় পুলিশ সদর দপ্তরের পাবলিক অ্যান্ড মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
পুলিশপ্রধান বলেন, আমরা মনে করি ৮ ফেব্রুয়ারি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবকি ও নিয়ন্ত্রণাধীন থাকবে। সংশ্লিষ্ট সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তারপরও যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক জননিরাপত্তা ও জনশৃঙ্খলার অবনতি করার অপচেষ্টা করা হয়, তাহলে আমরা আইনগতভাবে তা মোকাবিলা করবো। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি যেকোনো অবস্থাতেই মোকাবিলা এবং এ ধরনের অপচেষ্টা সহ্য করা হবে না।
তিনি আরো বলেন, আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাইÑ দেশের আইন-শৃঙ্খলা এবং জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সক্ষম এবং প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিকবৃন্দকে কোনো গুজবে কান না দিয়ে অথবা ভীত না হয়ে স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার অনুরোধ করেন তিনি। কোথাও সন্দেহজনক কোনো কিছু পরিলক্ষিত হলে নিকটস্থ পুলিশকে অথবা জাতীয় জরুরি সেবা- ৯৯৯-এ অবহিত করার অনুরোধ জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সারাদেশে কোনো গণগ্রেপ্তার হচ্ছে না। গত এক সপ্তাহের হিসাব মতে, প্রতিদিন গড়ে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ গ্রেপ্তার পুলিশের রুটিন মতে করা হয়েছে। এদের নামে মামলাসহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, কেউ যদি সহিংসতা করে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একবিন্দু ছাড় দেওয়া হবে না। গতকাল দুপুরে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার একথা বলেন।
তিনি আরো বলেন, ‘রাস্তার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো ধরনের সমাবেশ ও মিছিল করা যাবে না। কিন্তু কেউ যদি যান চলাচলে বাধা না দিয়ে ও জনগণের ভোগান্তি না সৃষ্টি করে গণতান্ত্রিক কর্মসূচি ও রাজনৈতিক কর্মসূচি পালন করে তাহলে বাধা দেওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা অবশ্যই দেশের আইন ও বিধি মোতাবেক কাজ করবো। কারো প্রতি অন্যায় আচরণ করা আমাদের দায়িত্ব না। কিন্তু কেউ যদি সহিংসতা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটকের অভিযোগ ডিএমপি কমিশনার অস্বীকার করেছেন। গত মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি মিছিল এবং ছুরি-লাঠির মতো অস্ত্র বহন নিষিদ্ধ করে এক বিবৃতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই বিবৃতিতে আজ বৃহস্পতিবার ভোর চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে বলে জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে দেশের মধ্যে কোনো রকম জ্বালাও-পোড়াও করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রায়ের পর বিএনপি যদি দেশে কোনো রকম জ্বালাও-পোড়াও করে তাহলে তা মোকাবিলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সহিংসতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার সাজা হলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমাদের সকল প্রস্তুতিই আছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে গণগ্রেপ্তার অব্যাহত রয়েছে। গত সোমবার বিকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াত ও এর অঙ্গসংগঠনের অন্তত ৪৭৩ নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইন, নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন মামলায় এদের গ্রেপ্তার করা হয়। এনিয়ে গত ৮ দিনে বিএনপির দেড় সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে পুলিশপ্রধান বলেছেন, গত এক সপ্তাহের হিসাব মতে প্রতি দিন গড়ে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে প্রতি জেলায় একজন করেও হয় না। তাই দেশে কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না বলে তিনি দাবি করেছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৃহস্পতিবারের রায়কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অনুরোধে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি নামছে। এছাড়া রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় আরো ২৩ প্লাটুন বিজিবি নামানো হয়েছে। অবস্থার প্রয়োজনে আরো বিজিবি সদস্য নামানো হবে বলে তিনি জানিয়েছেন।
গতকাল সন্ধ্যা ৬টা থেকেই বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন বলে জানিয়েছেন গণসংযোগ কর্মকর্তা মো. মহসিন রেজা। এর আগে জেলা প্রশাসনের অনুরোধে দুপুর নাগাদ সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষ্মীপুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
এ রায় কেন্দ্র করে সারাদেশের সব পুলিশ কর্মকর্তাকে সতর্ক থাকতে চিঠি দিয়েছে পুলিশ সদরদপ্তর। চিঠিতে পুলিশ সুপারদের স্ব-স্ব জেলায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। গণগ্রেপ্তার নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আর সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকতে ও প্রতিটি এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্যে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। চিঠিতে স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা টহল জোরদার, সন্ত্রাসীদের আটক ও সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজর রাখতে বলা হয়েছে।
এদিকে, রায়ের দিন বকশিবাজারে আদালত চত্বর ও আশপাশের এলাকায় থাকছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ৩ স্তরের তল্লাশি থাকবে আদালত চত্বরে। গোয়েন্দারা বলছেন, যেসব এলাকায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন, বিশেষ করে আদালত চত্বর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘিœত করতে পারে, এমন সন্দেহভাজনদের তালিকা তৈরি করে আটক করার চেষ্টাও চলছে।
গতকাল সকাল থেকে র্যাব, পুলিশ ও গোয়েন্দাদের তল্লাশি এবং মহড়া দিতে দেখা গেছে। বকশিবাজার আদালতের চারপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, আলিয়া মাদ্রাসা, আল্লামা কাশগরী হল, বদরুন্নেসা কলেজ ও হোস্টেল, শহিদুল্লাহ কলেজ ও নব কুমার ইনস্টিটিউট রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এক ধরনের আতঙ্কের মধ্যে। নব কুমার ইনস্টিটিউট কর্তৃপক্ষ আজ বন্ধ ঘোষণা করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জানান, ওইসব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে আমরা কোনো কথা বলিনি বা তাদের প্রতিষ্ঠানের বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়নি।



