
মাকিদ হায়দার
ভাড়া থাকি দোতলা বাড়িতে।
বাড়িঅলা— ডানে বামে তাকায় না ফিরে
এমনকি, কোনোদিন ভাড়া নিতে আসে না আমার কাছে।
কুড়িবার— নিজে গিয়ে দিয়ে এসেছি ভাড়ার টাকা
মালিকের হাতে—
ভাড়া দিতে গিয়ে দেখি জানালায় একজন আছেন দাঁড়িয়ে
কোনোদিন বলেনি কথা আমার সাথে
তার সময় হলো না, ডানে বামে ফিরে তাকাবার।
আমার একা একা— রাত কাটে বাড়ির ছাদে
বাড়িঅলা গনি সাহেবের মেয়ে চোখের সামনে দিয়ে
কোনো দিকে না তাকিয়ে নেমে যান সিঁড়ি বেয়ে।
বাসে গিয়ে বসে থাকে সবার পেছনে
কেউ যেন তার দিকে না ফেরায় চোখ
তার পেছনে পেছনে আমি গিয়ে উঠি বাসে।
তিনি নেমে যান যেখানে সেখানে,
তাঁর খুশিমতো।
আমার সময় হলেও কোনোদিন হলো না তার
ডানে বামে ফিরে তাকাবার।
চলাফেরা করি একা, খুব সাবধানে
কাউকে না জানিয়ে ছেড়েছি বাড়ি।
মেয়েটির চোখে হয়তোবা পাথর বসানো ছিল
কোনোদিন দেখেনি আমাকে।
শুনেছি অনেক পরে
তার নাম নাকি ছিল কৃপণ কুমারী।




