
কুষ্টিয়ায় বাউলদের ওপর হামলার প্রতিবাদ নিউ ইয়র্কে সমাবেশ
বাংলাদেশে বাউলদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কপ্রবাসী বাংলাদেশি সংস্কৃতিপ্রেমীরা।
গত শনিবার (১৯ নভেম্বর) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে লালন পরিষদ ইউএসএ। সাংস্কৃতিক কর্মী গোপাল সান্যালের পরিচলনা সভাপতিত্ব করেন লালন পরিষদ ইউএসএ”র সভাপতি আব্দুল হামিদ।
লালন পরিষদ ইউএসএ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বাউলদের ওপর ক্রমাগত হামলা ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈযদ মোহাম্মদউল্লাহ, শহীদ বুদ্ধিজীবি সন্তান ফাইম রেজা নূর, একুশে চেতনা পরিষদের সভাপতি ড. ওবায়দুল্লা মামুন, সাবেক ছাত্রনেতা সাংবাদিক মুজাহিদ আনছারী, বাচিক শিল্পী জি এইচ আরজু,ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, যুক্তরাষ্ট্র জাসদ সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক সঞ্জীবন সরকার, চিত্রশিল্পী জাহেদ শরিফ, বাঙালী ক্লাব ইউএসএ-এর সভাপতি দিনেশ মজুমদার,সাংস্কৃতিক কর্মী জাকিয়া ফাইম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রনোধীশ বড়ুয়া ।
বক্তারা বলেন, ‘সাধক পুরুষ লালন সাঁইয়ের ভক্তদের ওপর হামলার ঘটনা নতুন কিছু নয়। অতীতের ধারাবাহিকতায় অতি সম্প্রতি দেশের আনাচে কানাচে প্রায়ই ঘটছে হয়রানি ও হামলা। ভাঙছে বাদ্যযন্ত্র, ভাঙছে বাউল মন’।
তারা বলেন, ‘মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, নাটোরের সাধুসঙ্গে হামলার মামলা হলেও, দোষীদের শাস্তির এখনো কোন নজির নেই। বাউল’রা আইনের মারপ্যাঁচ বুঝেনা, বুঝেনা রাজনৈতিক কুটচাল আর অপসংস্কৃত’।
‘আমরা লালন চাই, করিম চাই, রাধারমণ চাই। মৌলবাদ চাই না। মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের পূর্বসূরিরা লড়েছেন। সে লড়াইয়ের ঝান্ডার নিচে আমরাও সমবেত হয়েছি’।
লালন পরিষদ ইউএসএ”র সভাপতি আব্দুল হামিদ বলেন,’সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব বাউলদের ওপর হামলাকারী সাম্প্রদায়িক ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।অন্যথায় বাউলদের ওপর হামলা চলতেই থাকবে। আমরা প্রবাস থেকে এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।



