প্রধান খবরবাংলাদেশশিক্ষা

ক্যাম্পাসে ‘ছুরিকাঘাতে’ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ‘ছুরিকাঘাতে’ এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র।

২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, শনিবার বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হয়।

টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে পারভেজকে।

শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পেটে হাত রাখা অবস্থায় পারভেজকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার আশপাশে কয়েকজন উদ্বিগ্ন অবস্থায় তার সাড়া পাওয়ার চেষ্টা করছেন।

রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। তবে পথেই তার শরীর নিস্তেজ হয়ে আসে। তার আর সাড়া পাচ্ছিলেন না তাকে বহন করে নিয়ে যাওয়া শিক্ষার্থীরা। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত আনা হয়েছে বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোশাররফ হোসেন বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এ ঘটনার পর থানায় অবস্থান করা প্রক্টর আপাতত আর কিছু বলতে চাননি।

পারভেজের ছুরিকাঘাত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসের পাশে একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন পারভেজ। তাদের পাশে সদ্য ভর্তি হওয়া ইংরেজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের সঙ্গে তাদের বন্ধু ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ছিলেন। এক পর্যায়ে দুই ছাত্রী অভিযোগ করেন পারভেজ তাদের উত্যক্ত করেছেন। তারা বিষয়টি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির প্রক্ট্ররকে জানান।

এরপর প্রক্টর পারভেজকে ডেকে নেন। প্রক্টর অফিসে পারভেজ দাবি করেন, তিনি বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন, কাউকে উত্যক্ত করেননি। এক পর্যায়ে ওই দুই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হলে পারভেজ ক্ষমাও চান।

ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীরা দাবি করেন, সেখানেই ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে হুমকি দেন। প্রক্টরের অফিস থেকে বেরিয়ে আসার পর কিছু বহিরাগত এসে আক্রমণ করেন। একপর্যায়ে ধারালো কিছু দিয়ে পারভেজের বুকে আঘাত করে তারা পালিয়ে যান।

পরে রক্তাক্ত পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আগেই মৃত্যু হয়ে বলে জানান।

এ ঘটনায় পারভেজের সঙ্গে বিবাদে জড়ানো ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী ও অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে বলতে পারেননি কেউ। ইংরেজি বিভাগের অন্য শিক্ষার্থীদের বক্তব্যও পাওয়া যায়নি।

পরে রাত ১১টার দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠিয়েছে পুলিশ।

শিক্ষার্থী খুনের খবর পেয়ে বনানী ক্যাম্পাসের সামনে রাত ১১টার পর অন্য শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়।

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেইসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension