
ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। ক্রমশ শক্তি বাড়াচ্ছে এটি। আগামী ২৪ ঘণ্টায় আরো শক্তি সঞ্চয় করতে পারে আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। এমনটিই বলছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।
আইএমডি শনিবার সকালে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী ২৪ ঘণ্টায় আরো ঘনীভূত হয়ে ভারতের উত্তর-উত্তরপূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘনীভূত হয়ে এটি কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্র উপকূলে আঘাত হানতে পারে। এটির প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ শুরুর দিকে অর্থাৎ শনিবার (১০ জুন) ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার এবং ১৩ ও ১৪ জুনের দিকে সর্বোচ্চ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
গুজরাট, কেরালা, কর্ণাটক, লক্ষদ্বীপে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গুজরাটে তিতহাল সৈকত ১৪ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর।
ঘূর্ণিঝড়টির নাম ‘বিপর্যয়’ দিয়েছে বাংলাদেশ, বাংলায় এর অর্থ ‘দুর্যোগ’ বা ‘ভয়াবহতা’। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও) ২০২০ সালে উত্তর ভারত সাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে রাখে।



