
খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে পাঁচ আইনজীবী
রূপসী বাংলা ডেস্ক:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে গেছেন তার পাঁচজন আইনজীবী।
শনিবার বিকাল চারটার দিকে তাদের কারাগারে ঢুকতে দেখা গেছে আইনজীবী প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলে আছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান। ওই দিনই খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়।



