
খালেদা জিয়াকে কারাগার থেকে নেয়া হয়েছে হাসপাতালে
রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে।
আদালতের নির্দেশে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার (পুরাতন) থেকে কঠোর নিরাপত্তায় ১৫টি গাড়ির বহরে বেগম জিয়াকে বিকেল ৩টা ৪০ মিনিটে শাহবাগে অবস্থিত হাসপাতালে নিয়ে আসা হয়।
খালেদা বের হওয়ার কিছুক্ষণ আগে পুলিশের একটি ভ্যানে তার মেডিক্যাল ম্যাট্রেসটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার কথা জানিয়ে তার দরকারি জিনিসপত্র পাঠাতে পরিবারের সদস্যদের খবর দেয়। সে আনুযায়ী, বেলা পৌনে ১১টার দিকে খালেদা জিয়ার বাসার কেয়ারটেকার আবদুল জলিল তিনটি লাগেজে করে তার কাপড়-চোপড় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌছে দিয়ে গেছে।

কারাবিধি অনুসারে খালেদা জিয়ার জন্য ‘ডিলাক্স কেবিন’ ইস্যু করা হয়েছে। বেগম খালেদা জিয়া হাসপাতালের কেবিন ব্লকের ৬১২ নম্বর কেবিনে থাকলেও তার জন্য পাশের ৬১১ নম্বর কেবিনটিও বরাদ্দ করা হয়েছে। ওই কক্ষে তার সহকারী বা কারা নিরাপত্তারক্ষীরা থাকতে পারবেন।
খালেদা জিয়ার অসুস্থতার পরিপ্রেক্ষিতে সরকার জেলকোড অনুযায়ী তাকে বিএসএমএমইউয়ে চিকিৎসা দেবার বললেও খালেদা জিয়া তাতে রাজি হচ্ছিলেন না। তিনি চেয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে।
এর আগে চলতি বছরের ৭ এপ্রিল বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কারাগার থেকে বিএসএমএমইউতে নেয়া হয়েছিল। তার ছয় মাস পর আজ তাকে আবারও চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেয়া হলো।
উল্লেখ্য, চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই দিন থেকেই রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে।
বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। হাসপাতালে আগত রোগীর আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। #



