
খাশোগিকে হত্যা করা হয়েছে: সৌদি
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার কথা এবার সরাসরি স্বীকার করেছে সৌদি আরব। দেশটির দাবি, দুর্বৃত্তরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এতে তোলপাড় শুরু হয়ে গেছে সারা বিশ্বে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের জানান, এটা ভয়ানক ভুল ছিল। এ ঘটনার সঙ্গে সৌদি যুবরাজ জড়িত নন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার মন্তব্যে ঘটনাটি হত্যা বলেই বর্ণনা দেন। তিনি বলেন, ‘কী ঘটেছিল, এর সবকিছুই আমরা জানতে চাই। এ হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে শাস্তি দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। যে বা যারা এ কাজ করেছে, কর্তৃপক্ষের নির্দেশের বাইরে এ কাজ করেছে। অবশ্যই এটা মারাত্মক ভুল ছিল। এ ভুলকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।’
আদেল আল জুবায়ের জানান, খাশোগির লাশ কোথায় আছে, তা তিনি জানেন না। সৌদির গোয়েন্দা সংস্থা শীর্ষ কর্মকর্তারাও এ হত্যাকাণ্ডের বিষয়ে জানতেন না। এ হত্যাকাণ্ড দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত হয়েছে।
সূত্র: বিবিসি



