
‘পরমাণু নিরস্ত্রীকরণের উল্টোপথে হাঁটছেন ট্রাম্প’
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। রাশিয়ার সঙ্গে তিন দশক আগে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার ঘোষণার পর তিনি এ সমালোচনা করলেন।
এ সংক্রান্ত এক বিবৃতিতে তিনি বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ চেষ্টার উল্টোপথে হাঁটছেন ট্রাম্প।
১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র আর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে মাঝারিপাল্লার পারমাণবিক অস্ত্র রোধ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) নামের এ চুক্তিটির অধীনে শত শত কৌশলগত পরমাণু অস্ত্র ধ্বংস করা হয়। চুক্তির আওতায় ভূমি থেকে নিক্ষেপযোগ্য ৫০০ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল।
কিন্তু ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্র এ চুক্তি মেনে চললেও বার বার এটি লংঘন করে চলেছে মস্কো।
যুক্তরাষ্ট্রের আরো অভিযোগ-রাশিয়া এমন কিছু নিষিদ্ধ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি ও মোতায়েন করেছে -যা দিয়ে তারা খুব স্বল্প সময়ের নোটিশে নেটো জোটভুক্ত দেশের ওপর পারমাণবিক আক্রমণ চালানো যাবে – যার মধ্যে ইউরোপও পড়ে।
কিন্তু তাদের এই অভিযোগ অস্বীকার করছে রাশিয়া। তারা যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তেরও নিন্দা জানিয়েছে।
ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) নামের চুক্তিটি ১৯৮৭ সালে স্বাক্ষর করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,‘রাশিয়া পরমাণু চুক্তি লংঘন করবে আর আমরা তাতে সম্মতি দিবো-সেটা হবে না।’
এ নিয়ে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিন্দা করে বলেন, আমি জানি না কেন প্রেসিডেন্ট ওবামা এটি নিয়ে মধ্যস্থতা করেন নি, কিংবা বেরিয়ে আসেন নি। তারা অনেক বছর ধরে এটি (চুক্তি) লংঘন করে আসছে।
মস্কো ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এমন খবর পাওয়ার পর ২০১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামা রাশিয়ার বিরুদ্ধে আইএনএফ চুক্তিটি লংঘনের অভিযোগ করেছিলেন।
চুক্তিটি থেকে সরে আসতে ইউরোপের নেতারা সেসময় তাকে চাপ দিলেও ওবামা তাতে সায় দেননি। কেননা তার আশঙ্কা ছিল এতে অস্ত্র প্রতিযোগিতা পুনরায় শুরু হতে পারে।
প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়নের সবশেষ জেনারেল সেক্রেটারি ছিলেন গর্বাচেভ। ১৯৮৫ সালে সোভিয়েত রাশিয়ার ক্ষমতা পেয়েছিলেন তিনি এবং তার পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্নায়ু যুদ্ধের সমাপ্তিতে বিরাট ভূমিকা রেখেছিল। ১৯৯১ সালে সোভিয়েত প্রেসিডেন্ট হিসেবে অবসরে যান তিনি।
সূত্র: বিবিসি বাংলা



