
‘খুব তাড়াতাড়াই ককপিটে ফিরতে চাই’, বললেন অভিনন্দন
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বলা হয়, একজন পাইলটের হৃদয় পড়ে থাকে ককপিটেই। সেই একই ইচ্ছা প্রকাশ করলেন উইং কমান্ডার অভিনন্দন। পাল বিমান তাড়া করতে গিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে পড়ে তাঁর বিমান। ৫৫ ঘণ্টা পর ভারতে ফেরেন অভিনন্দন।
ফেরার পর থেকেই হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা চলছে। কিন্তু এসবের মাঝেও অভিনন্দন বললেন দ্রুত বিমান নিয়ে আকাশে উড়তে চান তিনি। এয়ার ফোর্সের উচ্চপদস্থ অফিসারদের কাছে তেমনই ইচ্ছার কথা জানিয়েছেন অভিনন্দন।
বায়ুসেনার কামন্ডারদের তিনি জানিয়েছেন, তাঁর ভাল চিকিৎসা হচ্ছে। দ্রুত তাঁকে সারিয়ে তোলার চেষ্টা করছেন চিকিৎসকরা।
রবিবারই তাঁর এমআরআই স্ক্যানের রিপোর্ট এসেছে। সূত্রের খবর, অভিনন্দনের স্পাইনাল কর্ডের নিচের অংশে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। চিকিৎসকরা মনে করছেন, F-16 কে তাড়া করার সময় মিগ বিমান থেকে ঝাঁপিয়ে পড়ার সময়ই আঘাত লাগে তাঁর পিঠে। সেখান থেকেই এই আঘাত।
এছাড়া তাঁর পাঁজরেও রয়েছে আঘাতের চিহ্ন। জানা যাচ্ছে, পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে যখন তিনি পড়ে যান তখন স্থানীয়রা তাঁকে মারধর করেছিল, তখনই পাঁজরে লাগে এই আঘাত। আগামী কয়েকদিন ধরে আরও একাধিক মেডিক্যাল টেস্ট হবে।
নিয়ম মেনেই পুরো শরীরের স্ক্যানিং করা হচ্ছে তাঁর৷ অনেক সময় যুদ্ধবন্দি সেনা অফিসারদের শরীরে মাইক্রোচিপ ঢুকিয়ে দেওয়া হয়৷ সেই চিপের মাধ্যমে সেই দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদায় করে শত্রু দেশ৷ তাই এই স্ক্যানিং খুব জরুরি৷
বায়ুসেনার এই উইং কমান্ডারকে সাইকোলজিক্যাল পরীক্ষাও দিতে হয়েছে ইতিমধ্যেই৷ বন্দি থাকাকালীন অনেক ট্রমা ও মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে৷ তাঁর মুখ থেকে তথ্য আদায় করতে অনেক নৃশংস পন্থা অবলম্বন করতে পারে পাকিস্তান৷ তাই এই পরীক্ষা অত্যন্ত জরুরি৷



