
খুলনার রূপসায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন
নিউ ইয়র্ক প্রতিনিধি: খুলনার রূপসায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় নিউ ইয়র্ক জ্যাকসন হাইটস ডাইভার সিটি প্লাজায় যৌথভাবে খুলনার রূপসায় ৮ আগষ্ট সংখ্যালঘুদের দোকানপাট ও মন্দিরে হামলা, ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করে মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখা, উদীচী যুক্তরাষ্ট্র শাখা ও প্রোগ্রেসিভ ফোরাম ইউএস এ।
মানববন্ধনে বক্তব্য দেন উদীচীর সহ-সভাপতি কলামিষ্ট সুব্রত বিশ্বাস, প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম ও আলীম উদ্দিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, ওপেন আইস‘র মুজাহিদ আনসারী ও সৈয়দ জাকির আহমেদ রনি, বিশিষ্ট্য সমাজসেবক দীনেশ মজুমদার ও সংগীত শিল্পী সবিতা দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র নেতা জাকির হোসেন বাচ্চু।
সংখ্যালঘু নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বক্তরা বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে,মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বার বার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ঘরবাড়ি,ব্যবসা-বাণিজ্য,দোকান-পাট,মন্দির ও উপাসনালয়ে হামলা ও লুটপাটের পরও একে স্থায়িভাবে প্রতিরোধে সরকারের দীর্ঘমেয়াদি তেমন কোন উদ্যোগ গ্রহণ করছে না, খুবই দুঃখজনক। আর যেসব সাম্প্রদায়িক গোষ্ঠি বারবার এসবে ইন্ধন দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সমাবেশ থেকে জানানো হয়।
বক্তরা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংখ্যালঘুদের সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্ববান জানান।



