
গতকাল পর্যন্ত ১১ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের আগে সারা দেশে গতকাল পর্যন্ত ১১ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তার মধ্যে অনেকে কোথায় আছেন, কিংবা তাদের কোথায় নিয়ে রাখা হয়েছে— তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন। রিজভী আহমেদ বলেন, সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার-হয়রানি বিচ্ছিন্ন কোনো নৃশংসতা নয়। আগামী ৮ ফেব্রুয়ারি সরকার প্রধানের ইচ্ছা পূরণ করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘বেপরোয়া উন্মত্ততায়’ বিএনপির ওপর ঝাঁপিয়ে পড়েছে। সরকার মনে হয় রায় নির্ধারণ করে রেখেছে। আর এ জন্যই এর প্রতিক্রিয়ার অজানা ‘আতঙ্কে’ বিএনপি নেতা-কর্মীদের ওপর ‘ক্র্যাক-ডাউন’ চালাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে। গণতন্ত্রশূন্য দেশে প্রতিযোগিতামূলক নির্বাচনে বাধা সৃষ্টির জন্যই পুলিশকে এতটা ক্ষমতাবান করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে সারা দেশে ১ হাজার ১০০ জনেরও বেশি নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হাসান, মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুন্দর বকস, বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শাহীনসহ সারা দেশে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির এই মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভর করে সরকার তার স্বৈরাচারী গণতন্ত্রবিনাশী ইচ্ছা পূরণ করছে। সরকার রাষ্ট্রীয় শক্তিকে আয়ত্তে নিয়ে আলোচনা-সমালোচনা, সমাবেশ এবং ঘরোয়া বৈঠক, এমনকি ধর্মীয় অনুষ্ঠানকে সন্ত্রাসী তাণ্ডবে স্তব্ধ করে দিচ্ছে। তিনি বলেন, অদক্ষতা, অযোগ্যতা ও অহংকারে বছরের পর বছর দেশে আর্থসামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক এবং বিচারিক নানামুখী সংকট সৃষ্টি হচ্ছে। এই সংকট সৃষ্টির জন্য ষোলোআনা দায়ী সরকার ও সরকারপ্রধান। তিনি আরও বলেন, গত সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের জন্য সিলেটে যান। এটি ছিল তার সম্পূর্ণ ব্যক্তিগত সফর। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া দেশের যে জেলাতেই যান না কেন, পথিমধ্যে হাজার হাজার মানুষ তাকে অভ্যর্থনা জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার সিলেট যাওয়ার পথে অপেক্ষমাণ বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারদলীয় অঙ্গ-সংগঠনের যৌথ আক্রমণে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারি বাহিনীগুলোর আক্রমণে বিএনপি নেতা-কর্মীদের ক্ষতবিক্ষত করা হয়। মৃত্যুভয়ে ‘ঊর্ধ্বশ্বাসে’ কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করলে তাকে টেনেহিঁচড়ে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যত অত্যাচার নির্যাতনই করা হোক না কেন, বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপিকে ধ্বংস করা যাবে না।



