
দূরে থাকার দিনেও যেন
মনের চৌহদ্দির মধ্যে থাকি।
দেখব না ভেবেও যেন,
চোখে তোমার ছায়া দেখি।
না হয় তুমি ফুল খেলো,
হাটে বাজারে মন ফেলো,
ধুতি কেচে কাচারি যাও
আন-দরিয়ায় ভাসাও নাও।
তবুও যেন খবর রাখি,
আড়াল চোখে তোমায় দেখি।
তোমার থেকে গুটায়ে গিয়ে,
শামুক শরীর লেপ্টে নিয়ে,
গায়ের গন্ধ-সমান দূরে থাকি।
ছন্দ পরাণ তোমায় আঁকি।
মন খারাপের চূড়ায় গেলেও,
কথারা সব ফুরায় গেলেও,
গায়ের গন্ধ-সমান দূরে থাকি।
মনে যেন তোমায় মাখি।



