
এম. আব্দুল হালীম বাচ্চু
যাতায়াতে চোখে পড়ে কত্ত গোরস্তান
কিছুক্ষণের জন্য হলেও কেঁপে ওঠে প্রাণ!
মাঝে মাঝে চোখে পড়ে খোঁড়াখুঁড়ির কাজ
বিনা মেঘে তখন যেন মাথায় পড়ে বাজ!
ভেবে পাই না সবাই কেন মরণকে ভয় পায়?
মরণ সবার সাথেই হাঁটে তবু বাঁচতে চায়!
সময় মতো ধরবে তেড়ে সাঙ্গ করবে লীলা
ছাড়তে হবে বিলাসবহুল সবধরনের ভিলা!
ক্ষমতাবান দীনভিখারী কেউ পাবে না ছাড়
ধানাইপানাই যতই করুক মানতে হবে হার!
ঊর্ধ্বতনের স্তাবক হয়ে মরণ ভুলে গিয়ে
হাজার বছর কে বেঁচেছে দাম্ভিকতা নিয়ে?
অমুক আছে তমুক আছে আমিই মহারাজ
কালের গর্ভে মিশে যাবে এসব চাপাবাজ!
নামধারী সব আতিপাতি যতই লাফাক জোরে
শীতল করবে এই পৃথিবী হঠাৎ মরে মরে!
কার বাড়িতে বেঁচে আছে পূর্ব বংশধর?
মরণ সবার অতি আপন জীবন সবার পর!
ফন্দিফিকির যে যাই করুক বাঁচার সাধ্য নাই
ভাগ্যে থাকলে গোরস্তানের মাটিই দেবে ঠাঁই!



