
এম. আবু বকর সিদ্দিক
তখন বুঝিনি যখন দেখলাম ওরা ঝুড়ি
কোদাল শাবল নিয়ে আমাদের ভিটা বাড়ির
ঝোঁপ জঙ্গল আবর্জনা পরিষ্কার করছে।
তখন থেকেই ওদেরকে পরম বন্ধু ভেবে আসছি।
অতঃপর দেখলাম ওরা আমাদেরকে বঞ্চিত
করে কিছু সংখ্যক শরিকদের সামান্য সুবিধা দিয়ে
আমাদের ভিটাবাড়ি তাদের সুবিধামত ব্যবহার করছে
এবং আমাদের উপর কর্তৃত্ব চালাচ্ছে।
শুধু কি তাই, একসময় আমাদের বসতবাটী
দখলে নেয়ার নকশাও ওদের হাতে রয়েছে।
এখন বুঝতে আর বাকি নেই,
ওরা যেমন আমাদেরকে বঞ্চিত করছে,
তেমনি একসময় বঞ্চিত করবে আমাদের সকলকে।
একসময় ওরাই হবে আমাদের ভিটা-বাড়ির পূর্ণ স্বত্বাধিকারী।
একাত্তরে গর্জে ব্যাঘ্রছানা আবারও জেগে ওঠো।
আপন অস্তিত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখো।
যেন বিপন্ন না হয় রক্ত দিয়ে অর্জন করা
আমার গৌরবোজ্জ্বল স্বাধীনতা।



