
গ্রেপ্তার এড়াতে রাতভর মিছিল মিয়ানমারে
সেনাবাহিনীর ধরপাকড় আর হয়রানি এড়াতে রাত জেগে বিক্ষোভ করছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। শনিবার আন্দোলনকারীদের ছোট ছোট দলগুলোকে গভীর রাতেও সড়কে মিছিল করতে দেখা গেছে।
স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ আটক নেতাদের মুক্তির দাবিতে সড়কগুলোতে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন সবাই। অনেকেই বাসা বাড়ির উঠোনে হাড়ি আর থালাবাসন বাজিয়েও আন্দোলনে সাড়া দেন।
ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এনএলডি পার্টির সমর্থকদের গ্রেপ্তারের নির্দেশ দেয়ার পর থেকেই দেশটিতে সেনাবাহিনীর ধরপাকড়ের আতংক বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীকে ধরপাকড়ের অনুমতি দিয়ে যে কাউকে গ্রেপ্তার ও নাগরিকদের বাড়ি তল্লাশিরর নির্দেশ দিয়েছে সেনা সরকার।
এরপরেও আন্দোলনের নবম দিনে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেন কয়েক লাখ মানুষ। নেপিদো আর ইয়াঙ্গুন ছাড়াও প্রধান প্রধান শহরে রাতভর মিছিল হচ্ছে।
রোববার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভে অচল হয়ে পড়ে প্রধান সড়কগুলো। বাস চালকরাও এই আন্দোলনে সমর্থন জানিয়ে গাড়ির গতি কমিয়ে চালান। স্লোগানের সঙ্গে তাল মিলিয়ে হর্ন বাজাতে দেখা যায় অনেককেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান ও রয়টার্স জানায়, ইয়াঙ্গনের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সাদা পোশাক পরে মিছিল করেন। এ সময় আন্দোলনকারীরা সু চিসহ অন্য নেতাদের মুক্তির দাবিসহ প্ল্যাকার্ড ছাড়াও ‘রাতের আঁধারে অপহরণ বন্ধ করুন’ এবং ‘সেনাশাসন অবসান হোক’ লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন।❐



