
লুৎফুর রহমান চৌধুরী
আদরিনী মাতা সাত সকালে বেরিয়ে গেল
এখনো কুঠিরে ফিরে এলো না,
এদিকে সাঁঝ বেলা চুল ধরে টানি টানি করছে
তবুও জননীর ছায়ার দেখা পাচ্ছি না
কখনো মাতা এতো দেরি করে আসে না
বিপদের খাল পাড়ে পিছলে পরছে নাতো,
নাকি মুনিব আটকে রেখেছে?
একথা ভাবতে ভাবতে চোখের কার্নিশ বেয়ে
অবিরত জল ঝরছিল।
চাকরানী মা নিজের সুখটা বিক্রী করে করে
প্রতিদিন নিয়ে আসতো মুনিবের বাসা থেকে
এঁটো কিছু খাবার আমাদের জন্য
জননী খেয়েছে কিনা জিজ্ঞাসা করলে
মৃদু হেসে বলতো, তোরা খা বাবা!
হঠাৎ চোখ পড়ল জন্মদাত্রীর হাতের দিকে
চাবুকের দাগ দেখে কলজেটা ছিঁড়ে গেল
চিৎকার করে বলতে লাগলাম, মাগো ও মা!
তুমি ছেড়ে দাও চাকরানীর কাজ।



