
কখনো অতিগৌরবে সাফল্য কথনে ব্যস্ত
কখনো মিথ্যে শ্রদ্ধাবনত বিনয়ের ভারে ন্যুব্জ।
আড়ালে অবলীলায় হার মানাও শৃগালের চাতুর্য
সম্মুখে তিক্ত বাক্যে হঠকারিতায় মেশাও অতি মাধুর্য।
সন্দেহের ভ্রুকুটিকে আড়ালে রেখে করো উচ্চ প্রশংসা।
আবার পক্ষপাতিত্বের কালিমায় কলুষিত তোমার অদ্ভুত মীমাংসা।
কখনো অত্যন্ত তেজস্বী দুর্দমনীয় এক মৌখিক প্রতিবাদী চরিত্র
আদতে, এক অদ্ভুত সুরক্ষা বলয় তোমার বিচরণ ক্ষেত্র।
কখনো তুচ্ছ বিষয়ে অতি মাত্রায় চড়াও গুরুত্বের মিথ্যে প্রলেপ
কখনো গম্ভীর বিষয় উপেক্ষায়,
অবহেলায় নেই বিন্দুসম আক্ষেপ।
সুনিপুণ কৌশলে উভয় তরণীতে পা রেখে তোমার অবাধ পারাপার দিবারাত্র।
হ্যাঁ তুমিই, ছদ্মবেশী সর্বনাশের মূল, মানুষের দ্বিমুখীচরিত্র।



