খেলা

জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসছেন মাস্টার ব্লাস্টার

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : খেলা ছেড়েছেন ২০১৩ নভেম্বরে৷ ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সমান প্রাসঙ্গিক মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর৷ ২৪ এপ্রিল ১৯৭৩ জন্ম নেওয়া ক্রিকেটের ভগবান বুধবার পা দিলেন ৪৬’এ৷ স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন তেন্ডুলকর৷ একদা সতীর্থ থেকে ক্রিকেটের বর্তমান প্রজন্ম, বিসিসিআই থেকে আইসিসি, সচিনকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি কেউই৷ আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স তো সচিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্যাম্পেন শুরু করেছে৷

টুইটারে সচিনকে অভিনন্দন জানিয়ে আইসিসি লিখেছে, ‘২০০ টেস্ট, ৪৬৩ ওয়ান ডে, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান ও অসাধারণ ১০০ সেঞ্চুরি করা কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা৷’ শুধু পরিসংখ্যান ও শুভেচ্ছা বার্তাতেই ক্ষান্ত হয়নি আইসিসি, পরে সচিনের খেলা সেরা পাঁচটি বিশ্বকাপ ইনিংসের বিবরণও দিয়েছে নিজেদের ওয়েবসাইটে৷

বিসিসিআই অভিনন্দন বার্তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে দ্বিশতরানের স্মৃতিও ফিরিয়ে এনেছে টুইটারে৷ বীরেন্দর সেহওয়াগ ৪৬ সংখ্যাকে স্কোর বোর্ডের চার, ছয়ের সঙ্গে তুলনা টেনে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টারকে৷ ভিভিএল লক্ষ্মণ সচিনকে সকলের অনুপ্রেরণা হিসাবে বর্ণনা করেছেন নিজের টুইটে৷ হরভজন সিং সচিনকে ক্রিকেটারের চেয়েও ভালো মানুষ বলে উল্লেখ করেন৷

সোশ্যাল মিডিয়ায় সচিনকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন মহম্মদ কাঈফ, অজিঙ্কা রাহানে, প্রজ্ঞান ওঝা, রোহিত শর্মা, হার্ষা ভোগলে, ইসান্ত শর্মা, হার্ষেল গিবস, মনোজ তিওয়ারি প্রমুখ৷ শুধু ক্রিকেট মহলই নয়, সচিনকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন অন্য ক্রীড়াক্ষেত্রের তারকারাও৷ দীপা মালিক, কিদাম্বি শ্রীকান্তের মতো তারকা সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ক্রিকেট ঈশ্বরকে৷

আইপিএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ছাড়াও, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের সোশ্যাল অ্যাকাউন্টে সচিনকে শুভেচ্ছা জানিয়েছে৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension