
জাকির নায়েকের প্রত্যর্পণ ইস্যু: মালয়েশিয়ায় সরব মোদী
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদের সঙ্গে সাক্ষাতে বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েক ইস্যুতে সরব হয়েছেন। নায়েককে ভারত থেকে পলাতক হিসেবে ঘোষণা করার পর সে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছিল।
ইস্টার্ন ইকোনমিক ফোরামের পাশাপাশি বৃহস্পতিবার একটি দ্বিপাক্ষিক বৈঠকে মোদী এই বিষয়ে কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। জানিয়েছেন, ভারতের বিদেশ সচিব বিজয় কেশভ গোখলে।
যদিও গোখলে বিস্তারিতভাবে কিছু বলেননি। সূত্রের খবর অনুযায়ী, মোদীর বক্তব্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইতিবাচক উত্তর দিয়েছেন। যেহেতু শীর্ষ নেতৃত্বে এই বিষয়গুলি নিয়ে বেশি মাথা ঘামানো হয় না, দুই দেশের আধিকারিকরা আলোচনা করবে নায়েককে কিভাবে এবং কত তাড়াতাড়ি ভারতে নিয়ে আসা যায়। পাশাপাশি দেশের আইনের সম্মুখীন করা যায়।
২০১৬ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার হোলি আর্টিজান ক্যাফের ভিতর জঙ্গি হামলা হয়। বহু বিদেশিকে কুপিয়ে খুন করে জঙ্গিরা। তারপর থেকেই উঠে আসে মুম্বই নিবাসী জাকির নায়েকের নাম। কারণ হামলাকারী বাংলাদেশি জঙ্গিরা পিস টিভি নামে একটি ইসলাম ধর্মীয় চ্যানেলে জাকিরের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়েছিল। এছাড়াও কাশ্মীরের জঙ্গিদের মধ্যে জাকির নায়েকের জনপ্রিয়তা ছড়ায় দ্রুত।



