
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠকে সভাপতিত্ব করবেন মোদি!
আগামী ৯ আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরবর্তী বৈঠকে সভাপতিত্ব করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দীর্ঘদিন পর এমন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জাতিসংঘে ভারতের সাবেক দূত সৈয়দ আকবরউদ্দিন এক টুইটে জানিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
রোববার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এবারের বৈঠক হবে ভার্চুয়ালি। এই মাসেই ফ্রান্সের থেকে জাতিসংঘের বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব এসেছে ভারতের হাতে। আর সে কারণেই আশা করা হচ্ছে, আগস্টে নিরাপত্তা পরিষদের সভা পরিচালনার ভার নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ ছাড়াও জাতিসংঘের একাধিক জরুরি বিভাগের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সভাপতিত্ব করার কথা রয়েছে।
আকবরউদ্দিন টুইটে আরও জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে একাধিকবার জাতিসংঘের বৈঠক পরিচালনার ভার ভারতের হাতে পড়লেও একবারও সভাপতিত্ব করেননি ভারতের কোনো প্রধানমন্ত্রী।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য না হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও উঠে এসেছে বারবার। আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দেশটি।
এর আগে ১৯৯২ সালে নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও।



