
জাতীয় স্পোর্টস দিবসে বৃদ্ধাশ্রমে সচিন
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: হকির জাদুকর ধ্যান চাঁদের ১১৪তম জন্মদিনে ‘ফিট ইন্ডিয়া’ মুভমেন্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর বৃহস্পতিবার জাতীয় স্পোর্টস দিবসে বান্দ্রায় বৃদ্ধাশ্রমে সময় কাটালেন সচিন তেন্ডুলকর৷ সেখানে মহিলাদের সঙ্গে ক্যারামও খেলেন ক্রিকেটঈশ্বর৷ ৪৫ সেকেন্ডের সেই ভিডিও নিজের টুইটারে আপলোড করেন সচিন৷
ভিডিও আপলোড করে টুইটারে সচিন লেখেন, ‘সেন্ট অ্যান্থনি ওল্ড এজ হোমে বিষ্ময় মহিলাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে দারুণ লাগল৷ ক্যারাম বোর্ডে ওনাদের উৎসাহ দেখে আমি অভিভূত৷’ ভিডিওতে বৃদ্ধাশ্রমে মহিলাদের সঙ্গে ক্যারাম খেলতে দেখা গিয়েছে লিটল মাস্টারকে৷ শুধু তাই নয়, ভালো শট খেলায় হাততালিও দেন সচিন৷
পাশাপাশি জাতীয় স্পোর্টস দিবসকে মোদীর ‘ফিট ইন্ডিয়া’ মুভমেন্টের সূচনার প্রশংসা করেন কিংবদন্তি এই ক্রিকেটার৷ এদিন সকালে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম থেকে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্টের’ সূচনা করেন প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে হিসেবে ছিলেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন এবং মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল।
অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জানান, খেলাধুলার সঙ্গে আমাদের শারীরিক ক্ষমতার সরাসরি সম্পর্ক রয়েছে, কিন্তু আজকের ফিট ইন্ডিয়া মুভমেন্টের গুরুত্ব অনেক বেশি। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খেলাধুলো, যা মনের বিকাশেও সমান ভূমিকা নেয়।
বর্তমানে টেকনোলজির অতিরিক্ত ব্যবহারের প্রভাব শারীরিক ক্ষমতার উপরেও পড়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী৷ তিনি জানান, মাত্র কয়েক বছর আগেও মানুষজন খেলাধুলো নিয়ে মেতে থাকত এবং তাদের জীবন যাত্রাও ছিল আজকের থেকে অনেক সহজ।
মোদী আরও জানান, বর্তমানে বিভিন্ন ধরনের প্রযুক্তি এসে আমাদের জীবন পালটে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ হাঁটা বা সাইকেল চালানো প্রায় ভুলেই গিয়েছে৷ শুধুমাত্র ডায়েট বা ফিটনেস অ্যাপের সাহায্য নিলেই শরীর সুস্থ থাকবে না৷ তার জন্য শরীরকেও কিছুটা সময় দিতে হবে। বর্তমানে জাতীয় উন্নতির পথে শারীরিক ক্ষমতার গুরুত্ব ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ফিটনেস আমাদের সংস্কৃতির অঙ্গ৷ কিন্তু বর্তমানে আমাদের ফিটনেস বিষয়গুলি পালটে গিয়েছে৷ আগে একজন সাধারণ মানুষ দিনে ৮-১০ কিমি সাইকেলিং করত বা দৌড়তো৷ কিন্তু এখন সেটা দেখা যায় না৷’



