
জাতীয় লিগের জার্সিতে থাকবে নাম-নম্বর
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: আগামি ১০ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে পর্দা উঠবে ২০১৯-২০ মৌসুমের। তাই বাংলাদেশের ক্রিকেট পাড়া এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। এবারের এনসিএলে বেশ কিছু নতুন নিয়ম এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যার প্রথম ধাপে দেখা গিয়েছে ফিটনেস টেস্ট। ক্রিকেটারদের ফিটনেস সক্ষমতা বাড়াতে এবার বেশ উদ্যোগি বিসিবি। যার জন্য গতবার বিপ টেস্টে ৯ পয়েন্ট থাকলেও, এবার সেটা বাড়িয়ে নেয়া হয়েছে ১১’তে। এই ১১ পয়েন্ট পেয়ে পাস করতে পারলেই কেবল ক্রিকেটাররা খেলতে পারবেন এনসিএল। তবে এই ১১ পয়েন্ট পেতে ক্রিকেটারদের যতবার ইচ্ছা দিতে পারবেন বিপ টেস্ট পরীক্ষা।
এছাড়াও এবারের জাতীয় লিগে নেয়া হচ্ছে আরও বেশ কয়েকটি পরিবর্তন। টেস্ট ক্রিকেটের নতুন নিয়মের আদলে এনসিএলে ক্রিকেটারদের জার্সিতে থাকবে নাম ও নাম্বার। এনসিএলের পৃষ্টপোষক ওয়ালটন এবং দল অনুসারে বিভাগগুলোর নাম দেয়া থাকবে জার্সির সামনে। পেছনে থাকবে খেলোয়াড়দের নাম ও জার্সি নাম্বার। নতুন এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এবারের এনসিএলে আরও একটি নতুন নিয়ম যোগ হবে। সেটিও টেস্ট ক্রিকেটের আদলে যোগ করা হয়েছে। ক্রিকেটারা মাথায় গুরুতর আঘাত নিয়ে মাঠ ছাড়লে, থাকছে বদলি খেলোয়াড় নেয়ার সুবিধা। দলগুলো বদলি ক্রিকেটার নিতে পারবেন একাদশে। এছাড়াও এবার জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ইতিমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে এনসিএল।
তবে বাধ্যতামূলক করা হলেও, নিয়ম শিথিল রাখা হয়েছে। যেমন, জাতীয় দলের ক্রিকেটারদের দিতে হবে না বিপ টেস্ট। জাতীয় দলের পঞ্চপান্ডরা (মাশরাফী, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম) নিজের ইচ্ছা অনুযায়ী খেলবেন এনসিএল। কিন্তু, ক্রিকেট বোর্ড তাদেরকে উৎসাহিত করবেন এনসিএল খেলার জন্য। এর মধ্যে সাকিব এবং মাশরাফি খেলবেন না। তবে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ প্রথম দুই রাউন্ড খেলবেন বলে এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে।



