রাজনীতি

জাহাঙ্গীরের প্রধান এজেন্ট আজমত

রূপসী বাংলা ডেস্ক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে পাঁচ বছর আগে দলের পরাজিত প্রার্থী আজমত উল্লাহ খানকে। তিনি ‘প্রধান নির্বাচনী এজেন্ট’ মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের নেতারা জানান, ২০১৩ সালে দলের মধ্যে বিভেদের কারণে শক্তিশালী ঘাঁটিতে যে পরাজয় হয়েছিল, সেটার পুনরাবৃত্তি এবার তারা চান না। আর দল যে ঐক্যবদ্ধ আছে, এ বার্তাই তৃণমূলে পৌঁছে দিতে চান তারা। এ জন্যই আজমতকে জাহাঙ্গীদেরর প্রধান নির্বাচনী এজেন্ট করা হয়েছে। এতে দুই নেতার মধ্যেও নিয়মিত যোগাযোগ হবে এবং এতে তাদের মধ্যে কোনো মান অভিমান থাকলে সেটা কেটে যাবে।

গতবারের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আজমত উল্লাহ খান। কিন্তু গত ৮ এপ্রিল আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেয়।

২০১৩ সালে প্রথমবারের মত অনুষ্ঠিত নির্বাচনে আজমত উল্লাহ খানকে সমর্থন দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে জাহাঙ্গীর আলম বিদ্রোহী প্রার্থী হিসেবে থেকে যান। পরে তিনি আজমতকে সমর্থন জানালেও আওয়ামী লীগে বিভক্তি রয়ে যায় এবং সে সুযোগ কাজে লাগিয়ে জিতে যান বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নান।

শারীরিকভাবে অসুস্থ মান্নানের বদলে এবার বিএনপি প্রার্থী করেছে হাসান উদ্দিন সরকারকে। সাবেক এই জাতীয় পার্টি নেতা ১৯৯৬ সাল থেকে তিনটি সংসদ নির্বাচনে গাজীপুরের টঙ্গী আসন থেকে হেরেছেন আওয়ামী লীগের কাছে।

আগামী ২৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় রয়েছে। পরদিন প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

ক্ষমতাসীন দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক বিশেষ সভায় আজমতকে এই দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আজমত উল্লাহ ঢাকাটাইমসকে বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে আমাকে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমি দলীয় নেতাকর্মীদের ননিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ শুরু করেছি।’

এদিকে গাজীপুরে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী এজেন্ট নিয়োগ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলয় কোনো উদ্যোগ নিয়েছেন কি না-জানতে চাইলে আজমত বলেন, ‘আমাদের দলের অনেক নেতাকর্মী রয়েছে যারা নিজ নিজ এলাকায় জনপ্রিয়। নির্বাচনকে কেন্দ্র করে এজেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই। সেক্ষেত্রে সবাইকে তো আর এজেন্ট নিয়োগ দেওয়া সম্ভব না। তবে আমরা চেষ্টা করছি অধিক জনপ্রিয় ও যোগ্য লোককে নৌকা প্রতীকের এজেন্ট নিয়োগ দিতে।’

প্রধান সমন্বয়কারী নানক

আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজমতকে প্রধান করে গঠন করা কমিটির প্রধান সমন্বয়কারী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। অন্যান্য সদস্যরা হলেন: দীপু মণি, আহমদ হোসেন, আখতারুজ্জামান, আফজাল হোসেন, মহিবুল হাসান চৌধুরী (নওফেল), শামসুন নাহার চাঁপা ও অসীম কুমার উকিল।

এই কমিটির কাজ কী হবে?- জানতে চাইলে আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকাটাইমসকে বলেন, ‘আমাদের টিম স্থানীয়দের সমন্বয় করে কাজ করবে। আমরা প্রচার-প্রচারণার বিষয়গুলো মনিটরিং করব। প্রচার–প্রচারণায় কো ঘাটতি থাকলে আমরা পরামর্শ দেব।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension