
জুটিতে রেকর্ড রোহিত-ধাওয়ানের
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : জুটিতে লুটি বোধহয় একেই বলে৷ রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটি কেনিংটন ওভালে ১২৭ রান করার পথে নতুন এক রেকর্ড গড়ে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সব থেকে সফল ব্যাটিং জুটি এখন রোহিত-ধাওয়ানই৷ তাঁরা টপকে যান ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও দেসমন্ড হেইনস জুটিকে৷
ওভালের শতরানের পার্টনারশিপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জুটিতে রোহিত-ধাওয়ানের সংগ্রহ ১২৭৩ রান৷ অজিদের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে এত রান করতে পারেনি আর কোনও ব্যাটিং জুটিই৷ এতদিন এই রেকর্ড ছিল গ্রিনিজ-হেইনসের নামে৷ তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৫২ রান করেছিলেন৷
ক্যারিবিয়ান ব্যাটসম্যানদ্বয় এক সঙ্গে ২৯টি ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন কৃতিত্ব অর্জন করেন৷ রোহিত-ধাওয়ান জুটি সেখানে ২২টি ইনিংসেই টপকে যান ক্যারিবিয়ান জুটিকে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি রোহিত-ধাওয়ানের ষষ্ঠ শতরানের পার্টনারশিপ৷ এটিও একটি রেকর্ড৷ অজিদের বিরুদ্ধে এতগুলি শতরানের পার্টনারশিপ আর কোনও জুটির নেই৷
সব মিলিয়ে রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটির এটি ১৬তম শতারানের পার্টনারশিপ৷ সচিন সৌরভের পর এই নিরিখে তাঁরা যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন৷ সচিন ও সৌরভ একসঙ্গে ওপেন করতে নেমে মোট ২১টি শতারানের পার্টনারশিপ গড়েছেন৷ ম্যাথিউ হেডেন ও অ্যাডাম গিলক্রিস্টও ওপেনিং জুটিতে ১৬বার একশোর বেশি রান তুলেছেন৷
শুধু ওপেনিং জুটি হিসাবেই নয়, যে কোনও উইকেটের জুটিতে শতরান যোগ করার নিরিখে রোহিত-ধাওয়ান যুগ্মভাবে তৃতীয় স্থানে উঠে আসেন৷ সচিন-সৌরভের ২১টি এবং দিলশান-সাঙ্গাকারার ২০টি সেঞ্চুরির পার্টনারশিপ রয়েছে৷ হেডেন-গিলক্রিস্ট ও রোহিত-ধাওয়ানের ক্ষেত্রে এই সংখ্যাটা ১৬৷ রোহিত-ধাওয়ান যখনই দলকে একশো রানের গণ্ডি পার করিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে ভারত ম্যাচ জিতেছে৷ ১৬ বারের মধ্যে মাত্র ২ বার হেরেছে ভারত৷
ম্যাচে রোহিত শর্মা এককভাবে একটি মাইলস্টোন টপকেছেন৷ শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নয়, যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও একজন ব্যাটসম্যানের করা দ্রুততম ২ হাজার রানের রেকর্ড এখন রোহিতের পকেটে৷ ওভালে ৭০ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে হিটম্যান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক ছাপিয়ে যান৷ দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এমন কৃতিত্ব অর্জন করেন রোহিত৷ তাঁর আগে সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ হাজার রানের সীমা টপকেছিলেন৷
সচিন ৪০টি ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাইলস্টোন টপকান৷ রোহিত খরচ করেন ৩৭টি ইনিংস৷ বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধ ২ হাজার রান করেন ৪৪টি ইনিংসে৷ রিচার্ডসও ৪৪টি ইনিংস খরচ করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রান করতে৷ ধোনি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ২ হাজার রান করেছেন ৪৫টি ইনিংসে৷



