
জ্যামাইকায় বিনামূল্যে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ কর্মসূচি
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৬ ডিসেম্বর জ্যামাইকা মুসলিম সেন্টারে সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ-এর সহযোগিতায় বিনামূল্যে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ কর্মসূচি পালিত হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেতুর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে আয়োজন সহযোগী হিসেবে ছিল কমনপয়েন্ট কুইন্স এবং ইন্ডিয়া হোমস। আয়োজনটি উদ্বোধন করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ডা. সিদ্দিকুর রহমান।
সাদাকাহ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেতুর পরিচালক তীর্থ দত্ত, কমনপয়েন্ট কুইন্সের পরিচালক হুমা খান ও সুমন ইসলাম। ইন্ডিয়া হোমসের পক্ষ থেকে বক্তব্য রাখেন নার্গিস আহমেদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুস্টার ডোজের ক্ষেত্রে রোসি ফার্মাসি থেকে সার্বিক সহযোগিতা করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইলেক্ট যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, স্থানীয় কমিউনিটি লিডার হাজী শামসুল ইসলাম।
এছাড়া জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক আল আমিন রাসেল, সাংবাদিক এসএম সোলায়মান, কমিউনিটি এক্টিভিস্ট আল আমিন সারোয়ার, জ্যামাইকা মুসলিম সেন্টারের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ডা. সিদ্দিকুর রহমান বলেন, আজ এখানে কোভিড প্রতিরোধে মর্ডানার ভ্যাকসিনের মাধ্যমে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। এটা আমাদের সিনিয়র সিটিজেন এবং বিশেষ করে জেএমসির মুসল্লিদের জন্য বিশেষ উপকার বয়ে আনবে।
ফখরুল ইসলাম দেলোয়ার তার বক্তব্যে বলেন, এমন সুন্দর একটি আয়োজন করার জন্য সাদাকাহ ফাউন্ডেশন ও সেতুকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমাদের আমাদের বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটির কল্যাণের জন্য দারুণ একটি উদ্যোগ। অন্যান্য যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছেন, তাদের জন্যও ধন্যবাদ।
সাদাকাহ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ফের উদ্বিগ্ন হয়ে উঠেছে বিশ্ব। প্রেসিডেন্ট জো বাইডেনও দ্রুত বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ অবস্থায় সবার সহযোগিতার কারণে এমন সময়োপযোগী একটি আয়োজন করা সম্ভব হয়েছে।
ইন্ডিয়া হোমসের নার্গিস আহমেদ তার বক্তব্যে বলেন, যারা আয়োজন করেছেন তাদেরকে তো বটেই, যারা বুস্টার ডোজ নিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এই মুহূর্তে নিজেকে এবং নিজের পরিবারকে সেভ রাখতে হলে বুস্টার ডোজের কোনো বিকল্প নেই।
বুস্টার ডোজ কর্মসূচির আয়োজনে আরেকটি প্রতিষ্ঠান ছিল মেট্রোপ্লাস। এর পক্ষ থেকে শাহেদ সাঈদ বলেন, অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে কমিউনিটির পাশে থাকতে পেরে ভালো লাগছে। সুযোগ এবং সহযোগীতা পেলে ভবিষ্যতেও আমরা এমন আয়োজন করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।



