
এবার তবে লিখবো না আর শ্রাবণ নিয়ে
ভাবছি এবার দূর পাহাড়ে ঝর্ণা হবো
আলতো হাতে আকাশ তোকে দেখবো ছুঁয়ে
রোজ সাঁজে তোর মনখারাপের সঙ্গী হবো।
পাহাড় বুকে খুব নীরবে বইবো যখন
পড়বি বুঝি কি লেখা এই হৃদ নিলয়ে।
আরশি আমায় দেখেই না হয় নিস্ বুঝে তুই
নইলে যাবে মনের কথা মনেই রয়ে।
যখন পড়ন্ত দিন মনকেমনের নামবে আঁধার
ঝর্ণা তখন ‘আকাশ’ কেবল তোকেই খোঁজে
জমিয়ে রাখে যত্ন করে টুকরো নালিশ
তোর মতো বল কে আর এমন কষ্ট বোঝে?



