
ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ
যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলের দাঙ্গায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানির প্রমাণ পাওয়া গেছে, উল্লেখ করে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের তদন্ত কমিটি।
ট্রাম্প এবং ক্যাপিটল হিলে দাঙ্গার উসকানিদাতাদের সামরিক বাহিনী, পররাষ্ট্র ও বেসামরিক প্রশাসনসহ যুক্তরাষ্ট্রের যাবতীয় সরকারি ক্ষেত্রে যেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়- সে সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
সেই সঙ্গে চরমপন্থী কোনো ব্যক্তি বা তার সমর্থকরা যে নির্বাচনে প্রার্থী না হতে পারে, সেজন্য আইন সংস্কার করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।
কংগ্রেসের এই প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি ডেমেক্রেটিক পার্টির রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জনগণের ইচ্ছাকে ব্যর্থ ও গণতন্ত্রকে ধ্বংস করতে বহু ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সাংবিধানিক বাধ্যবাধকতাকে সম্মান দেখাননি। আইন পালনের পরিবর্তে তিনি নির্বাচনের ফল পাল্টে দেয়ার ষড়যন্ত্র করেন।
ডেমোক্রেটিক নেতৃত্বাধীন এই প্যানেলের সুপারিশ বিচার বিভাগ মানতে বাধ্য নয়। কিন্তু এই প্রথমবার কোনো কংগ্রেস কমিটি সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলার সুপারিশ করেছে। গত মাসে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।



