যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী বিক্ষোভ থেকে অভিনেত্রী সুজান সারানডন গ্রেফতার

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের একটি সিনেট ভবনে অভিবাসী শরণার্থীদের সমর্থনে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের সময় বৃহস্পতিবার গ্রেফতার হন মার্কিন অভিনেত্রী সুজান সারানডন।

বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেফতার হওয়া প্রায় ৬০০ জনের মধ্যে সুজান সারানডনও ছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ওয়াশিংটনের পুলিশ বলছে, বৃহস্পতিবার আইন ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশ করায় ৫৭৫ জনকে গ্রেফতার করা হয়।

যুক্তরাষ্ট্রের সরকারের অভিবাসী নীতি ও শরণার্থী শিশুদেরকে বাবা-মায়ের কাছ থেকে আলাদা করার প্রতিবাদে ওই নারীরা বিক্ষোভ করেন।

শনিবার আরও নতুন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অস্কার বিজয়ী অভিনেত্রী সুজান টুইটারে তার গ্রেফতারের খবর জানিয়ে একটি পোস্ট দেন।

আমেরিকায় বিক্ষোভ

টুইটে ৭১ বছর বয়সী অভিনেত্রী লেখেন, ‘গ্রেফতার হয়েছিলাম। শক্ত থাকতে হবে। লড়াই চালিয়ে যাও।’

হাফিংটন পোস্ট ওয়েবসাইট জানিয়েছে, গ্রেফতারকৃতদের পরে মুক্তি দেয়া হয়।

আগে ১৯৯৯ সালেও নিউ ইয়র্কের একটি প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেফতার হন সারানডন। একজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণকে পুলিশ গুলি করে হত্যা করলে, তার প্রতিবাদ বিক্ষোভে যোগ দেন সুজান।

বৃহস্পতিবারের কর্মসূচির ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা ‘উই কেয়ার (আমরা গুরুত্ব দেই)’ বলে স্লোগান দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প শরণার্থী শিশুদের একটি ক্যাম্পে ‘আমি আসলেই কেয়ার করি না। আপনি করেন?’ লেখা একটি জ্যাকেট পরে যান। মেলানিয়ার জ্যাকেটের বক্তব্যের জবাবে ওই স্লোগান দিচ্ছিলেন সুজানরা।

সিনেট ভবন দখল করেছে অভিবাসী বিক্ষোভকারীরা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এ বিক্ষোভের সময় ওয়াশিংটনে সিনেট ভবন দখল করে নেন প্রতিবাদকারীরা।

বিক্ষোভে অংশ নেন বেশিরভাগ নারী প্রতিবাদকারী এবং তারা সবাই সাদা কাপড় পরেছিলেন। পুলিশের আটক হুমকি উপেক্ষা করেই তারা সিনেট ভবনে বিক্ষোভ অব্যাহত রাখেন।

বিক্ষোভকারীরা সিনেট ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দখলে নিয়ে নেন। এ সময় তারা অভিবাসীদেরকে আমেরিকায় স্বাগত জানানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশের সতর্কতা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যেতে থাকলে বেশ কয়েকজনকে আটক করা হয়।

বিক্ষোভের সময় সিনেট স্টাফরা দোতলার মেঝেতে দাঁড়িয়ে বিক্ষুব্ধ জনতাকে দেখতে থাকেন। কিছুক্ষণ পর ডেমোক্র্যাট দলের সিনেটর ম্যাজি হিরোনো, ক্রিস্টেন গিলিব্রান্ড, জেফ মার্কলি ও প্রমিলা জয়পাল নিচে নেমে আসেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এসব সিনেটর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতির চরম সমালোচক।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আমেরিকা থেকে বহু দেশের অভিবাসীদেরকে বের করে দিতে চান। এছাড়া, মেক্সিকো থেকে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension