আন্তর্জাতিকপ্রধান খবর

ট্রাম্প-কিম বৈঠক আজ, বিশ্বের নজর সিঙ্গাপুরে

রূপসী বাংলা ডেস্ক:আর কয়েক ঘন্টা পরই ঐতিহাসিক বৈঠক উপলক্ষে এক টেবিলে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন। বিশ্বের বহুল আলোচিত এ বৈঠকে নজর রয়েছে গোটা বিশ্বের। বৈঠকের ফলাফল কি হবে? পরমাণু নিরস্ত্রীকরণে কি সম্মত হবে উত্তর কোরিয়া? এমন সব প্রশ্নের উত্তর মিলবে এ বৈঠকে।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় সকাল সাতটায়) সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ স্যান্টোসা দ্বীপের হোটেল দ্য ক্যাপেলোতে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠক উপলক্ষে এরই মধ্যে সিঙ্গাপুরে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির চেয়ারম্যান কিম জং উন। দুই নেতাই নিজ নিজ দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশাল বহর নিয়ে সিঙ্গাপুরে হাজির হয়েছেন।

নিরাপত্তার চাদরে ঢাকা সিঙ্গাপুর

বিশ্বের দুই আলোচিত নেতার এই গুরুত্বপূর্ণ বৈঠক উপলক্ষে রবিবার থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ৭২১ দশমিক ৫ বর্গমাইলের দেশটিকে। দেশটির মধ্যাঞ্চলীয় এলাকাকে বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

রবিবার ও সোমবার বৈঠকস্থল, মিডিয়া সেন্টারসহ গুরুত্বপূর্ণ সকল স্থান স্বশরীরে হাজির হয়ে প্রত্যক্ষ করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হুসেন লুং।

ট্রাম্প এবং কিমের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছাড়াও তাদের বৈঠক ও তত্পার্শ্ববর্তী এলাকায় সার্বিক নিরাপত্তার জন্য দায়িত্ব দেয়া হয়েছে সিঙ্গাপুরের সবচেয়ে সুচারু গোর্খা বাহিনীকে।

এছাড়া আকাশপথে টহলে রয়েছে নিরাপত্তা বাহিনী। এছাড়া বৈঠকের আশপাশের এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণে যাতায়াত সীমিত করা হয়েছে।

সব মিলিয়ে ট্রাম্প-কিমের বৈঠক উপলক্ষে পুরো দেশটিই নিরাপত্তার চাদরে ঢাকা। এছাড়া দেশি বিদেশি গোয়েন্দা সংস্থারও কড়া নজরদারি রয়েছে।

 

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই নেতার সাক্ষাত

রবিবার সিঙ্গাপুরে এসে ওইদিনই দেশটির প্রধানমন্ত্রী লি হুসেন লুং এর সঙ্গে সাক্ষাত করেছেন উত্তর কোরিয় নেতা কিম। এসময় তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া ঐতিহাসিক এ বৈঠক আয়োজনের জন্য সিঙ্গাপুরকে ধন্যবাদ জানিয়ে কিম বলেন, বৈঠক সফল হলে সিঙ্গাপুরের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

অন্যদিকে রবিবার রাতে সিঙ্গাপুরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুপুরে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন। এময় বৈঠকের আয়োজক দেশ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন ট্রাম্প।

দুই নেতার সঙ্গে উপস্থিত থাকতে পারেন যারা

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, বৈঠকের সময় কিমের সঙ্গে থাকবেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো, প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং ছোল এবং কিমের বোন মিসেস কিম ইয়ো জং।

আর ট্রাম্পের সঙ্গে বৈঠকে থাকতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

আলোচনায় থাকবে যেসব বিষয়

ঐতিহাসিক বৈঠকে শান্তি এবং পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। সোমবার কেসিএনএ এক প্রতিবেদনে এ কথা জানায়।

প্রতিবেদনে কেসিএনএ জানায়, দুই নেতার মধ্যে কোরিয়ান উপদ্বীপে স্থায়ী এবং টেকসই শান্তি ব্যবস্থা এবং পরমাণু নিরস্ত্রীকরণ ও পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এ বৈঠক যুক্তরাষ্ট্র ও দ্য ডেমোক্রেট পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) মধ্যে সুদূরপ্রসারী সম্পর্ক প্রতিষ্ঠা হবে। কোরিয়ান উপদ্বীপে স্থায় শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। এবং এ অঞ্চলের অবস্থার পরিবর্তন হবে বলেও কেসিএনএ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে বৈঠকের ব্যাপারে শুরু থেকেই হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ট্রাম্প জানিয়েছিলেন যদি বৈঠক সফল হয় তবে কিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে। আর যদি বৈঠক ব্যর্থ হয় তবে উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা প্রদান করা হবে।

যেভাবে এক টেবিলে কিম ট্রাম্প

গত মার্চে শীতকালীন অলিম্পিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিনিধি পাঠায় উত্তর কোরিয়া। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উত্তর কোরিয়ায় কিমের পর সর্বোচ্চ ক্ষমতাধর হিসেবে খ্যাত তার বোন মিসেস কিম ইয়ো জং। তারপরই দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উত্তর কোরিয়া সফর করে।

দক্ষিণ কোরিয়ার এই প্রতিনিধি দলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে বৈঠকের আহ্বান জানান উত্তর কোরিয় নেতা কিম জং উন। কিমের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তারপরই এই বৈঠকের মধ্যস্ততাকারী হিসেবে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে দক্ষিণ কোরিয়া। তারই অংশ হিসেবে গত ২৭ এপ্রিল এবং ২৬ মে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী এলাকা পানমুনজমে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইনের সঙ্গে বৈঠকে বসেন কিম। সেখানেই উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা বন্ধ করবে এবং পরীক্ষাকেন্দ্র ধ্বংস করবে বলে ঘোষণা দেন কিম।

তার কিছুদিন পর উত্তর কোরিয়া বিদেশি সাংবাদিকদের সামনে দেশটির প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ধ্বংস করে।

প্রথম দিকে সংশয় থাকলেও সবকিছু ঠিক থাকায় বিশ্ব যখন আলোচিত এই দুই নেতার বৈঠক নিয়ে আশার আলো দেখতে পায় ঠিক তখনই বৈঠক বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার একদিন পরই আবার বৈঠক হবে বলে জানান ট্রাম্প। তারপরই দুই দেশের কর্মকর্তারা কয়েক দফা বৈঠক করে এবং শেষ পর্যন্ত একই টেবিলে বসতে যাচ্ছেন দুই নেতা।

চলতি বছরের শুরু থেকে আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে জোর দিয়েছে উত্তর কোরিয়া। এরই মধ্যে দুইবার চীন সফর করেছেন কিম। এছাড়া সম্প্রতি উত্তর কোরিয়া সফর করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

এসব কিছু বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক ব্যর্থ হলেও আর একঘরে হয়ে থাকতে হবে না উত্তর কোরিয়াকে। কারণ চীন ও রাশিয়া কিমের পাশে থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension