
দর্পণ কবীর: তোমাদের কোনকিছুই বদল হয়নি, উঠোন
জুড়ে অস্টপ্রহর বাজে আভিজাত্যের
ঘুঙ্ঘুর! বাবুই পাখি সেই কবেই, সুরম্য
প্রাসাদের নিশ্ছিদ্র নিরাপত্তার প্রতি
ভেংচি কেটে নিরুদ্দেশ হয়েছে, হেমন্তের
বিকেল আজো জলছবি হতে পারেনি
তোমাদের আকাশমুখি দেয়াল ডিঙিয়ে।
নিয়ম, রীতিনীতি, সভ্যতা, শিষ্টাচারবাধা
জীবন নিয়ে তোমাদের অহম
সুতীব্র-সমুজ্জ্বল। আমাদের মত অজ্ঞদের
সামনে তোমরা যখন পুঁথির কীট
হওয়া অর্জনের গল্প বলো-আমরা
গহীন অন্ধকারে জোনাক পোকার মত
জ্বলি নিজস্বতায়, সপ্রতিভ।
এ কথা ঠিক, তোমাদের গমগমে গলার
কথা-নির্দেশনা আমাদের নতজানু
হবার মন্ত্রণা, আবার মেঘের ছেঁড়াপুঞ্জের
মত আমাদের পদ্য, তোমাদের কাছে
প্রতিবাদ-দুঃসাহস। তোমরা সদায় আমাদের
কুর্নিশ চাও, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে থাকার
ভান করি। আমাদের স্বপ্নগুলো হাতের
মুঠোয় পুড়ে তোমরা কলাহাস্যে
দেশপ্রেমের জৌলুষ উড়াও, আর আমরা
তোমাদেরকেই ভাগ্যবিধাতা মানি।
তোমাদের গ্রীবা,চিবুক,অলকায় রোদ
পেখম ছড়ালেই হিরন্ময় হয়, অথচ
অবুঝ জনতা নিয়ে তোমাদের যতো ভয়!



