
সারমিন চৌধুরী
ভোরের শিশির মেখে স্নিগ্ধ হয়েছে মন
রোদের আলো লেগে মখমলিন,
বসন্তের অপেক্ষায় পথ চেয়ে হৃদয়ভার
বর্ষের জলে অনুভূতি হয় বিলীন।
কৃষ্ণচূড়ার ডালে রঙের লুটোপুটি হচ্ছে
অচেনা পাখি এসে জমাচ্ছে ভীড়,
ভয় জাগছে মনে যদি আততায়ী ঝড়ে
ছিন্নভিন্ন হয়ে যায় এই স্বপ্নের নীড়।
কদমের সুঘ্রাণে বিমোহিত হয়েছে হিয়া
বৈরী হাওয়া উড়িয়ে নিচ্ছে দূরান্তে,
চৈত্রের দাবদাহে পুড়েছে ভেতর নিশ্চুপ
তবুও রাখিনি পা তোমার সীমান্তে।
রংধনুর রঙে সেজেছে আমার আকাশ
এই অসময়ে মেঘেদের আনাগোনা,
অভিমানী মন বৃষ্টিজলে ডুবছে নির্বাক
জীবন জুড়ে এই কেমন-ই দোটানা।



