
হয়তো আবার খড়কুটোয় চাল ছেয়ে
সাজবে আবার কৃষ্ণচূড়ার লাল।
এই ফাগুনের সহজপাঠের পাতায়
সবটা জুড়ে টুকরো অতীতকাল।
হয়তো আবার আসবে নতুন কুঁড়ি
স্মৃতিতে যার খুব চেনা শীতঘুম
মায়ার কাজল লেপ্টে দু’চোখ যখন
আগলে নেবেই যত্নে এ মরশুম।
হয়তো আবার প্রাণের ছোঁয়া পেয়ে
সান্ধ্যকালীন কোনো এক সংলাপে,
উষ্ণতা পাবে মুঠোফোনে জমা স্মৃতি
এক দুই করে পারদ মেপে মেপে।
সামনে এখন বদলে যাওয়া পথ
দু’চোখে ঘুম বাড়ছে ক্রমে রাত
সেই তো আবার ফিরবি একাই তবে
কি বুঝে তুই বাড়িয়ে ছিলিস হাত?



