
দ্বাদশীতেই শহরে পা রাখছেন বাগানের প্রাণভোমরা
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : চোখের জলে চলতি বছর ২৩ জানুয়ারী কলকাতাকে বিদায় জানিয়েছিলেন। কথা দিয়েছিলেন সুস্থ হয়ে ফের তিলোত্তমাতেই ফিরে আসবেন এবং প্রিয় সবুজ মেরুন জার্সি গায়েই ফের মাঠ মাতাবেন তিনি। কথা রেখেছেন বাগানের প্রাণভোমরা সনি নর্ডে। কয়েকদিন আগেই ক্লাবের অফিসিয়াল পেজে ফলাও করে তাঁর মোহনবাগানে ফেরার কথা ঘোষণা করা হয়। এবার হাইতিয়ান ম্যাজিশিয়ানের শহরে আসার দিনক্ষণও ঠিক হয়ে গেল।
দ্বাদশীতেই শহর কলকাতায় পা রাখছেন সনি নর্ডে। মহানবমীর সকালে এমন সুখবরেই আশ্বস্ত হলেন মোহনবাগান সমর্থকেরা। ক্লাবের বিশ্বস্ত সূত্রে খবর, এদিনই ভারতে আসার জন্য নর্ডেকে বিমানের টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্বাদশীর দিন অর্থাৎ আগামী ২১ অক্টোবর ভোরে দমদম বিমানবন্দরে পা রাখবেন বাগানের হাইতিয়ান তারকা। ইতিমধ্যেই এদেশে আসার ভিসা পেয়ে গিয়েছেন সনি। মিয়ামি থেকে দুবাই হয়ে শহর কলকাতায় পা রাখবেন তিনি। তবে সপরিবারে নয়, এবার একাই এদেশে আসছেন বাগানের সোনালি চুলের উইঙ্গার।
গত মরশুমের মাঝপথে চোট পেয়ে দেশে ফিরে যেতে বাধ্য হন সনি নর্ডে। অস্ত্রোপ্রচার এবং রিহ্যাবের পর সম্পূর্ণ ফিট হয়েই ফের মোহনবাগানে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। মরশুমের মাঝে প্রস্থানের জন্য সেদিন চোখের জল বাঁধ মানেনি এই তারকা ফুটবলারের।
আর্জেন্তিনায় পায়ের সফল অস্ত্রোপ্রচার ও রিহ্যাব সেশনের পর এখন সম্পূর্ণ ফিট তিনি। তাদের প্রিয় নয়নের মণি কথা রাখায় আপ্লুত বাগান সমর্থকেরাও। ২১ অক্টোবর ভোরে সনির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন বাগান সমর্থকেরা। সনির মুখোশ পরে, ক্লাবের পতাকা, ফুল এবং মালা নিয়ে বিমানবন্দরেই প্রিয় তারকার জন্য গলা ফাটাবেন মেরিনার্সরা।



