
ধোনিকে নিয়ে হাস্যকর টুইটে ট্রোলড হলেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: দেশের সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিংয়ের জন্য আসন্ন ক্যারিবিয়ান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ সোশ্যাল মিডিয়া প্রাক্তন ভারত অধিনায়কের এই সিদ্ধান্ত শোরগোল ফেলেছে৷ টুইটারে ধোনির এই সিদ্ধান্তকে ঠাট্টা করেছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ডেভিড লয়েড৷ তবে তাঁকে পালটা দিয়েছেন ধোনি ফ্যানেরা৷
২০১১ বিশ্বকাপ জেতার পর ধোনিকে টেরিটোরিয়াল আর্মির ১০৬ প্যারা ব্যাটেলিয়নের লেফটেন্যান্ট কর্নেল সাম্মানিক পদ দেওয়া হয়৷ ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে এসে টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক। সেনাপ্রধান বিপিন রাওয়াত ইতিমধ্যেই ধোনির ইচ্ছেকে সম্মতি জানিয়ে সবুজ সংকেত দিয়েছেন৷
আগামী দু’মাস দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান মাহি। তাঁর এই সিদ্ধান্তের কথা ক্যারিবিয়ান সফরের দল ঘোষণার আগের দিন বোর্ড ও জাতীয় নির্বাচকদের জানিয়ে দিয়েছিলেন ধোনি৷ সেই মতো রবিবার ধোনিকে ছাড়ায় আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দল বেছে নেয় এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি৷ তিনটি ফর্ম্যাটে ধোনির পরিবর্ত হিসেবে ঋষভ পন্তকে বেছে নেন নির্বাচকরা।
ধোনির এই সিদ্ধান্তকে টুইটারে ঠাট্টা করে প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান লয়েড লেখেন, ‘দেশ ডাকছে৷ আর্মি রেজিমেন্টের সঙ্গে দেশ সেবায় অগস্টে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করবেন মহেন্দ্র সিং ধোনি৷’
— David 'Bumble' Lloyd (@BumbleCricket) July 20, 2019
— David 'Bumble' Lloyd (@BumbleCricket) July 20, 2019
বিশ্বকাপে ধোনির মন্থর ব্যাটিং সবসময় ছিল চর্চার শিরোনামে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কেরিয়ারের শেষ ম্যাচে একটা মরিয়া চেষ্টা করেছিলেন বটে। কিন্তু মার্টিন গাপ্তিলের থ্রো-য়ে রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে। ম্যাচ হেরে বিদায় নেয় ভারতও। এরপরই তুঙ্গে ওঠে ধোনির অবসর জল্পনা। সকলের নজর ছিল আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে দল নির্বাচনের দিকে। কিন্তু নির্বাচনের একদিন আগে ধোনি তাঁর নয়া সিদ্ধান্তের কথা জানিয়ে ফের তাক লাগিয়ে দেন সকলকে।
ক্যারিবিয়ান সফরে তিনটি টি-২০ এবং তিন ম্যাচের ওয়ান ডে ও দুই টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া৷ তিন ফর্ম্যাটেই ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি৷ ৩ অগস্ট, টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে বিরাটবাহিনী৷



