রাজনীতি

নজরুলকে জানতে ফেসবুক থেকে দূরে থাকো: রওশন এরশাদ

রূপসী বাংলা ডেস্ক:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে, নতুন প্রজন্মকে ফেসবুক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ।

শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রওশন এরশাদ বলেন, নজরুলকে জানতে হলে ফেসবুক থেকে নিজেকে বইয়ের পাতায় ফিরিয়ে আনতে হবে, নইলে আমাদের জাতির ভবিষৎ অন্ধকার। আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে বইয়ের দিকে মনোযোগ ও আকর্ষণ বাড়ানোর কোনো বিকল্প নেই।

শান্তি নিকেতনের ন্যায় ময়মনসিংহের ত্রিশালে নজরুল নিকেতন প্রতিষ্ঠা করা হবে জানিয়ে রওশন এরশাদ বলেন, খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কবি নজরুলের বিচরণ দেশের বিভিন্ন প্রান্তে থাকলেও ত্রিশালের মানুষ যেভাবে তাকে আপন করে নিয়েছে তা সত্যিই ব্যতিক্রম। রবীন্দ্রনাথের শান্তি নিকেতনের মত এখানেও নজরুল নিকেতন প্রতিষ্ঠা করা হবে।

রওশন এরশাদ বলেন, ১৯৭২ সালে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন এভাবে নজরুল জয়ন্তী পালন হতো না। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ প্রথম নজরুলের নামে গুলশানের একটি বাড়ি বরাদ্দ দিয়েছিলেন। এরপর তার খরচের জন্য মাসিক টাকারও ব্যবস্থা করতেন। এছাড়া আমাদের সময়েই ১৯৯০ সালে প্রথম ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী পালন করার উদ্যোগ নেয়া হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম। এছাড়া আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ ৫ আসনের এমপি সালাউদ্দিন মুক্তি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, শহর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension