
সোহান মেহরান
মনে সবার পাখি হবার জাগে অভিলাষ,
পাহাড় টিলা মাড়িয়ে যেতে মেঘেদের আসপাশ।
যেইখানে রোজ আকাশ ঘুমায় মেঘের ফাঁকে ফাঁকে,
যেইখানে রোজ চাঁদের বুড়ি উপুড় হয়ে থাকে।
কিন্তু আমার পাখি হবার সাধ জাগে না মাগো,
তোমার ভয়ে বলি না তাই, যদি তুমি রাগো।
তুমি বকো, আমি কেনো নদীর কাছে থাকি,
ভয় পেও না, সাঁতার জানি, একটুও নয় ফাঁকি।
আমি তো মা জানি তোমার বুকে বিশাল ক্ষত,
মানিক কি আর কাটতে সাঁতার জানত আমার মতো?
তোমার খোকা হারিয়ে গেছে মাড়িয়ে মায়ার রশি,
ভাইয়ের কথা মনে করেই নদীর কূলে বসি।
মায়ের যখন কান্না আসে ‘খোকা’ মনে হলে,
চোখ ধুয়ে দিস, মায়ের খোকা হারিয়ে যাওয়া জলে।
ভালো থাকিস নদী। আমি আসব ফিরে কালও
নদী হবার ইচ্ছে পুষে খাই যদি মা’র গালও।



