
নরইস্টারের তাণ্ডবে লণ্ডভণ্ড নিউ জার্সি: বন্যায় ৬৭ জন উদ্ধার
প্রবল ঝড়ের আঘাতে উপকূলে প্লাবন ও ভয়াবহ সৈকতভাঙন; বিদ্যুৎহীন হাজারো মানুষ
শাহ্ জে. চৌধুরী :
শক্তিশালী নরইস্টারের আঘাতে নিউ জার্সির উপকূলীয় এলাকায় ব্যাপক বন্যা, সৈকতভাঙন ও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় আটকা পড়া মানুষকে উদ্ধারে জরুরি অভিযান চালাতে হয়েছে।
সী ব্রাইটে বন্যার পানিতে আটকা পড়া ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৪৫ জনকে নিজ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়। ডিল এলাকায় উদ্ধারকর্মীরা হাঁটুসমান পানির মধ্য দিয়ে উদ্ধারকাজ চালান।
প্রবল ঢেউয়ে জার্সি শোরের বিভিন্ন অংশে ব্যাপক সৈকত ক্ষয় হয়েছে। আটলান্টিক সিটিতেও ঢেউয়ের আঘাতে সৈকতের বড় অংশের বালু সরে গেছে।
ঝড়ের প্রভাবে উত্তর নিউ জার্সির বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে। সোমবার সকাল পর্যন্ত প্রায় ২,৪০০ গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।
উপকূলীয় এলাকায় আরও একটি জোয়ারের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিউ জার্সির আটটি কাউন্টিতে জরুরি অবস্থা বহাল ছিল।
বন্যাকবলিত সড়কে চলাচল না করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।



