নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল
রূপসী বাংলা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা এক মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২৬ জুন) ধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে জামিন প্রশ্নে করা রুল নিশ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল এই আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ঠিক করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করে। এ দুই মামলার মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ দিয়ে হত্যা মামলার লিভ টু আপিলের শুনানি গতকাল শেষ হয়। এ বিষয়ে আদেশের জন্য ২ জুলাই দিন ঠিক করে দেন আপিল বিভাগ।
এছাড়া বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরেক মামলায় লিভ টু আপিল শুনানির জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন আপিল বিভাগ। আজ এ মামলায় শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার আদেশের জন্য রাখেন।
এ দুই মামলায় গত ২৮ মে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ খালেদাকে জামিন দেন।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে ওই দিনই আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি নিয়ে গত ২৯ মে আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত রেখে ৩১ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন। গত ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন এবং ২৪ জুন দিন ঠিক করে দেন।
২০১৫ সালে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়।
একই বছরের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দার পুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিনই চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে মামলা হয়। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারিতে এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। খালেদা জিয়া সহ ৩২জনকে এ্ মামলায় আসামী করা হয়।
উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগের মামলায় পাচঁ বছরের দণ্ড নিয়ে কারাবন্দি আছেন বেগম খালেদা জিয়া।



